সৌভিক মুখার্জী, কালনা: বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-র পর অবশেষে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা (SIR In Bengal)। আজ দুপুর থেকেই অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে ফাইনাল লিস্ট। তবে এবার তা নিয়েই রাজ্য রাজনীতি তোলপাড়। রিপোর্ট অনুযায়ী খবর, এবার পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের এক পঞ্চায়েতের প্রধানের নামই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আর এই তথ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়া তোলপাড়।
তালিকা থেকে বাদ পঞ্চায়েত প্রধানের নাম
রিপোর্ট অনুযায়ী খবর, শনিবার দুপুরবেলা বিএলও-দের হাতে ভোটার তালিকা পৌঁছনোর পর দেখা যায় যে, কালনা ১ নম্বর ব্লকের হাটকানলা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মন্ডলের নামের উপর স্পষ্টভাবে লেখা রয়েছে “DELETED”। অর্থাৎ, তাঁর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। জানা যায়, তিনি মুক্তারপুর আসন থেকে নির্বাচিত হয়ে পঞ্চায়েত প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কিন্তু মাস খানেক আগে অর্থাৎ যখন এসআইআর পর্ব চলছিল, তখন তাঁকে ঘিরে বাংলাদেশের বাসিন্দা অভিযোগ সামনে এসেছিল, যা নিয়ে রাজনৈতিক তরজা কম হয়নি। সেই সন্দেহই হয়তো সত্যি হল। অবশেষে চূড়ান্ত তালিকা থেকে তাঁর নাম বাদ যাওয়ায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে, প্রশাসনিক সিদ্ধান্তে তাঁর নাম বাতিল দেওয়া হয়েছে নাকি কোনও রাজনৈতিক চাপ, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য আসেনি। এমনকি নাম বাদ যাওয়া নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছ থেকেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিরোধী দলগুলি তো এ নিয়ে জলঘোলা করতে ছাড়ছে না। ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেউ কেউ প্রশ্ন করছে, বাংলাদেশ থেকে এসে এখানে পঞ্চায়েত প্রধান কী করে হয়ে গেল? তৃণমূল কংগ্রেসে হয়তো সবকিছুই সম্ভব।
আরও পড়ুন: প্রকাশ্যে SIR-র চূড়ান্ত তালিকা, কোন কোন জেলায় বাদ গেল কত নাম?
এদিকে জানিয়ে রাখি, এবারের খসড়া ভোটার তালিকায় মোট ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় আরও ৯ লক্ষ নাম বাদ পড়ছে বলে খবর। অর্থাৎ, ৬৮ লক্ষ নাম বাতিল হয়েছে। এছাড়াও কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি মেলার কারণে তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সমস্ত নামের পাশে অমীমাংসিত ভোটার লেখা থাকবে। তবে যারা এখনও পর্যন্ত ভোটার লিস্ট দেখেননি, তাঁরা https://voters.eci.gov.in এবং https://electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের ভোটার নম্বর দিয়ে লগইন করে খুব সহজেই দেখে নিতে পারবেন। পাশাপাশি বিডিও অফিস বা এসভিডিও অফিসে তালিকা থাকবে। সেখান থেকে সরাসরি নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা তা দেখে নিতে পারবেন।