প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্য জুড়ে, আর কিছুদিন পরেই রাজ্যে হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তাই এখন থেকেই দিন রাত ভোট প্রচারের প্রস্তুতিতে নেমে পড়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। আর এই আবহে ফের শাসকদলের ভাঙনের ইঙ্গিত মিলল। শোনা যাচ্ছে মুকুটমণি অধিকারী (Mukut Mani Adhikari) নাকি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূল থেকে বিজেপিতে (Bharatiya Janata Party) যেতে চলেছেন। ক্রমেই বাড়ছে সেই জল্পনা, অবশেষে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই জানালেন সত্যিটা।
ফের বিজেপিতে ফিরে যাবেন মুকুটমণি?
উল্লেখ্য, ২০২৪ সালে এর আগেও আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগে বিজেপি ছেড়েছিলেন মুকুটমণি অধিকারী, যোগ দিয়েছিলেন তৃণমূলে। নারী দিবস উপলক্ষ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে দল বদল করেছিলেন। লোকসভা নির্বাচনে রাণাঘাটে তৃণমূলের প্রার্থী হন। তবে হেরে যান। তবে তৃণমূলের টিকিটে রাণাঘাট দক্ষিণ বিধানসভা আসনে উপনির্বাচনে জয়ী হন। আর এবারেও আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগে দলবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাঁর। ফের বিজেপিতে ফিরে যাওয়ার সম্ভাবনা বাড়ছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকের পর মুকুটের।
শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক মুকুটের
রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ শনিবার, ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এসে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন মুকুটমণি অধিকারী। দীর্ঘক্ষণ ধরে চলে সেই বৈঠক। বৈঠক শেষে বেরিয়ে মুকুটমণি অধিকারী সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, “আমি নতুন গাড়ি কিনেছি। ঠাকুরবাড়িতে নতুন গাড়ির পুজো দিতে এসেছিলাম। সেখানেই শান্তনু ঠাকুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।” এই প্রসঙ্গে শান্তনু ঠাকুরও একই কথা বলেন। তিনি বলেন, “এতে কোনও রাজনীতির বিষয় নেই। গাড়ির পুজো দিতে এসে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দলে ফেরা নিয়ে কোনও আলোচনা হয়নি।” শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকরা এদিন মুকুটমণি অধিকারীকে বিজেপিতে পুনরায় ফিরে যাওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি সেই সকল জল্পনা খারিজ করে দেন।
আরও পড়ুন: ‘Updated Soon’ মেসেজে বিপাকে আবেদনকারীরা, যুবসাথীর স্ট্যাটাস চেক নিয়ে আপডেট সরকারের
মুকুটমণি অধিকারী সাংবাদিকদের স্পষ্ট জানান, “আমি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে যেমন দেখা করেছি ঠিক তেমনই ঠাকুরবাড়ির আরেক সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের বাড়িতেও গিয়েছিলাম।” কিন্তু এই দাবি সম্পূর্ণ নাকচ করে দেন মমতাবালার মেয়ে তথা বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। তিনি বললেন, “আমাদের বাড়িতে আসেননি মুকুটমণি অধিকারী। এটা ঠাকুরবাড়ি। যে কেউ আসতে পারেন। কিন্তু কেন মিথ্যা কথা বললেন, এটা বুঝতে পারছি না।” দল পরিবর্তন নিয়ে মধুপর্ণা বলেন, “তিনি বিজেপিতে যাবেন কি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।” ফলস্বরূপ জল্পনা যেন কিছুতেই কাটতে চাইছে না।