শিয়ালদায় বিজেপির কর্মীদের নিজের হাতে খাবার পরিবেশন শমীকের

প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির জনসভাকে ঘিরে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত মোদীর হাইভোল্টেজ সভা (Modi Brigade Rally)। ইতিমধ্যে জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা সভায় ভিড় জমাতে শুরু করেছে। কাতারে কাতারে মানুষ হাওড়া-শিয়ালদা হয়ে ব্রিগেড অভিমুখে যাত্রা শুরু করেছেন। এই অবস্থায় স্টেশনের বাইরে কর্মী-সমর্থকদের জন্য তৈরি করা অস্থায়ী ক্যাম্পে অন্য ভূমিকায় দেখা গেল রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। করলেন খাবার পরিবেশন।

খাবার পরিবেশন শমীকের

দূর-দূরান্ত থেকে যে সকল কর্মী সমর্থকরা বিজেপির সভায় হাজির হয়েছেন। শিয়ালদহ স্টেশনের বাইরে বিজেপির তরফে যে ক্যাম্প করা হয়েছে, সেখানে সকাল থেকেই উত্তরবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের জন্য খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ওই ক্যাম্পে বিশ্রাম নিচ্ছেন কর্মীরা। এক এক সকলেই দুপুরের খাবার খাচ্ছেন। মেনুতে রয়েছে ভাত, ডাল, সবজী, ডিম। আর সেখানেই কর্মী সমর্থকদের খাবার পরিবেশন করতে দেখা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে। খাবার পরিবেশন প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, এটা নতুন কিছু নয়। ছোটবেলা থেকেই বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে খাবার পরিবেশন করার অভ্যাস রয়েছে তাঁর।

দলীয় অবস্থান নিয়ে কড়া বার্তা শমীকের

ব্রিগেডে মোদীর জনসভা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে দলীয় অবস্থান স্পষ্ট করে কড়া বার্তা দিলেন তিনি। শমীক বলেন, “পশ্চিমবঙ্গ বহুত্ববাদের মাটি এবং এই মাটিকে কখনও বিভেদের রাজনীতির দিকে ঠেলে দেওয়া যাবে না। এই মাটিকে কিছুতেই হুমায়ুনের মাটি বানাতে দেব না।” বিজেপির আদর্শ নিয়ে শমীক বলেন, “শ্যামা প্রসাদ মুখার্জীর আদর্শেই দল এগিয়ে চলছে। দেশভাগের পর শিয়ালদহ স্টেশনে উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই ঐতিহ্য থেকেই বিজেপি বাংলার মানুষের পাশে থাকার দাবি করছে।”

আরও পড়ুন: বোরখা পরা মহিলাদের জন্য বাংলায় ‘বিহার মডেল’! মুখ দেখিয়েই দিতে হবে ভোট

ব্রিগেড সভার আগে শিয়ালদহে কর্মী-সমর্থকদের জমায়েতের মধ্যে রাজনৈতিক শিবিরে এক টান টান মুহূর্ত তৈরি হয়েছে। এখন বাকি শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টেজে ওঠার। এদিকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “আসন্ন নির্বাচন মূলত মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই হয়ে উঠেছে। রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং সেই বার্তাই ব্রিগেডের সভা থেকে আজ স্পষ্ট হবে।

Leave a Comment