সহেলি মিত্র, কলকাতাঃ সোমবার রাতভর বৃষ্টিতে ভিজেছে সমগ্র বাংলা। সেইসঙ্গে মরসুমের প্রথম কালবৈশাখী পেয়েছে শহর কলকাতা। গতকাল ঝড়-বৃষ্টি রীতিমতো তাণ্ডব চালিয়েছে বাংলাজুড়ে। অবশ্য কোথাও বেশি তো আবার কোথাও কম ঝড়, বৃষ্টি হয়েছে। যাইহোক, কিন্তু আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সেইসঙ্গে একটা ভ্যাপসা গরম। কে বলবে গতকাল এত দুর্যোগ হয়েছে। সকলেই বলছেন, একটু ঝড় বৃষ্টি হলে মন্দ হয় না। হবে কি? উত্তর হল হ্যাঁ। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ দুপুরের পর থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া (South Bengal Weather)। বিকেল বা সন্ধের দিকে ফের বৃষ্টি নামতে পারে জেলায় জেলায়। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।
বিকেলে ফের বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী ২২শে মার্চ, রবিবার পর্যন্ত কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজ ১৭ মার্চ বিকেলের পর জেলায় জেলায় বৃষ্টির জন্য আবহাওয়া অফিস বিশেষ সতর্কতা জারি করেছে। এক টানা বৃষ্টি জেরে ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। আগামী কয়েকদিন আপাতত এরকমই আবহাওয়া বিরাজ করবে বলে খবর। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা যেমন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতে ব্যাপক বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। এছাড়াও বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়।
আরও পড়ুনঃ LPG সঙ্কটের মাঝে গ্যাস নিয়ে নয়া নির্দেশনা, না মানলে মিলবে না সিলিন্ডার
মঙ্গলবার সারাদিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা সাময়িকভাবে কমে আসার সম্ভাবনা আছে। তবে, শুক্রবার থেকে ফুল দমে বৃষ্টি, কালবৈশাখীর দাপট শুরু হবে দক্ষিণবঙ্গে। শনিবার, রবিবার ব্যাপক বৃষ্টি চলবে। সঙ্গী হবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং জেলায় বেশি বৃষ্টি, ঝড় হতে পারে বিকেলের পর খবর।