ছোট ডিউটি গাড়ি থেকে বাস—সব ভাড়ায় ১০% বৃদ্ধি, বিশেষ বিজ্ঞপ্তি পরিবহন দফতরের

প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। আর এই হাই-ভোল্টেজ নির্বাচনকে পাখির চোখ করে রীতিমত উঠে পড়ে লেগেছে সকল রাজনীতিবিদরা। প্রচারকাজে যাতে কোনো ত্রুটি রাখতে চাইছে না কেউই। তাইতো প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই জেলায় জেলায় শুরু হয়েছে প্রচার। এমতাবস্থায় বিধানসভা নির্বাচনের জন্য নেওয়া বেসরকারি গাড়ির ভাড়া (Increase Rent Of Cars) নিয়ে বড় পদক্ষেপ নিলেন রাজ্য সরকার। বাড়ল ১০ শতাংশ ভাড়া।

গাড়ি ভাড়া নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

প্রতিবার নির্বাচনের সময় বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত কাজে বিপুল সংখ্যক গাড়ি ভাড়া নেওয়া হয়। সেই কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি, রক্ষণাবেক্ষণের খরচ এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাড়া বৃদ্ধি করা হয়ে থাকে। এবার সেই ভাড়া ১০ শতাংশ বাড়ানো হল। রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ সোমবার পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন গাড়ি ভাড়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন। আর সেখানেই ছোট গাড়ি, বড় বাস, মিনিবাস, ট্রাক, এমনকি জলপথে ব্যবহৃত লঞ্চ বা ভেসেল— সব ক্ষেত্রেই ভাড়ার হার সংশোধন করা হয়েছে। জানা গিয়েছে, চালক ও খালাসিদের খোরাকিবাবদ ২৮০ টাকা ধার্য করা হয়েছে। এবং দিনপিছু সাধারণ বাসের ভাড়া ২৫৩০ টাকা থেকে বাড়িয়ে ২৭৮০ টাকা করা হয়েছে।

১০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে

পরিবহন দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ছোট পেট্রল বা ডিজেলচালিত গাড়ির ক্ষেত্রে দৈনিক ভাড়ার সঙ্গে অতিরিক্ত সময়ের জন্য ঘণ্টাপ্রতি আলাদা হার ধার্য করা হয়েছে। মিনিবাসের ভাড়া ২০৯০ টাকা থেকে ২৩০০ টাকা করা হয়েছে, চালক-সহ সাতজন যাত্রী যায় এমন ছোট যাত্রীবাহী গাড়ির ভাড়া ৮৯০ থেকে বেড়ে ৯৮০ টাকা হয়েছে। পাশাপাশি ছোট ‘ম্যাক্সি ক্যাব’-এর ভাড়া ১৩১০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪৪০ টাকা করা হয়েছে এবং বড় ‘ম্যাক্সি ক্যাব’-এর ভাড়া ১৫৬০ টাকা থেকে বেড়ে ১৭২০ টাকা করা হয়েছে। অর্থাৎ আগের বারের তুলনায় প্রায় ১০ শতাংশ ভাড়া বাড়ানো হল এই নির্বাচনে।

আরও পড়ুন: প্রেমের টানাপোড়েনেই খুন? পার্লারে ঢুকে মহিলাকে কুপিয়ে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য গড়িয়ায়

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, গাড়ি ভাড়ার মধ্যে জ্বালানির খরচ আলাদা ভাবে হিসাব করা হবে শুধু তাই নয়, ১২ ঘণ্টার একটি নির্দিষ্ট ডিউটি সময় ধরা হয়েছে। এই সময়ের বাইরে যদি অতিরিক্ত কাজ থাকে তাহলে তার জন্য ঘণ্টা প্রতি ভাড়া দিতে হবে। জানা গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মোট ১৯ রকম গাড়ি নেওয়া হচ্ছে ভোটকর্মীদের যাতায়াতের জন্য। ইতিমধ্যেই সেই গাড়ি রিকুইজিশনের পর্ব চলছে। এদিকে ভাড়া বাড়িয়ে দেওয়ায় খুশির মেজাজ গাড়ি চালকদের।

Leave a Comment