প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। এদিকে নতুন অর্থবর্ষের গোড়াতেই মাসের অর্ধেক দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক (Bank)। অর্থাৎ আগামী মাসে এই নির্দিষ্ট দিনগুলিতে ব্যাঙ্কে গেলে কাজ হবে না গ্রাহকদের। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) ছুটির তালিকায় এপ্রিলে ব্যাঙ্ক বন্ধের বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। এপ্রিলে দ্বিতীয় ও চতুর্থ শনিবার, রবিবার সহ সরকারি ছুটির জন্য ব্যাঙ্কগুলি বেশ কিছু দিন বন্ধ (Bank Holidays) থাকবে। তাই একনজরে বিস্তারিত জেনে নিন, ব্যাঙ্ক ছুটির তালিকা।
এপ্রিলে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, এই মাসে বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক উৎসবের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনও রয়েছে, যার ফলে ব্যাঙ্কগুলো বেশ কয়েকদিন বন্ধ থাকবে। এছাড়াও, এই মাসেই গুড ফ্রাইডে এবং ডঃ ভীমরাও আম্বেদকর জয়ন্তীর মতো বিশেষ উপলক্ষগুলিও রয়েছে। তাই আগেভাগেই গ্রাহকদের ব্যাঙ্কিং কাজের বিষয়গুলি করে রাখা উচিত। তবে, ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা যথারীতি চালু থাকবে, অর্থাৎ ATM থেকে টাকা তোলা যাবে নির্দ্বিধায়। চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কোন কোন দিন ব্যাঙ্ক ছুটি থাকে।
এপ্রিলের ছুটির তালিকা
রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী এপ্রিলের প্রথম তিন দিন পর পর ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। ১ এপ্রিল, বুধবার, ‘ক্লোজিং অফ ইয়ারলি অ্যাকাউন্ট’ উপলক্ষে সারাদেশের ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে। আসলে এদিন ব্যাঙ্ক কর্মচারীরা বিগত অর্থবছরের হিসাব বন্ধ করে দেয়। পরেরদিন, বৃহস্পতিবার মন্ডি উপলক্ষে লখনউ, কানপুর, তিরুবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এবং ৩ এপ্রিল, শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে বেশিরভাগ শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার ১৪ এপ্রিল, মঙ্গলবার আম্বেদকর জয়ন্তী উপলক্ষে প্রায় সমগ্র ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ এপ্রিল, বুধবার বাংলা নববর্ষ ও বিহু উপলক্ষে কলকাতা, গুয়াহাটি, কেরল ও হিমাচলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এবং ১৬ এপ্রিল, বৃহস্পতিবার বিহু উৎসবের জন্য গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে আজ মমতার ঝড়, দক্ষিণে অভিষেক, চূড়ান্ত প্রস্তুতিতে নামল তৃণমূল
ব্যাঙ্ক ছুটির তালিকায় বাসভ জয়ন্তী ও অক্ষয় তৃতীয়ার জন্য আগামী ২০ এপ্রিল, সোমবার কর্ণাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এবং পরেরদিন ২১ এপ্রিল মঙ্গলবার গারিয়া পুজোর জন্য ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ। এছাড়াও প্রতি মাসের রবিবার, দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। এপ্রিলেও তার ব্যতিক্রম হবে না। পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া আরও ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে গ্রাহকেরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারেন। পাশাপাশি ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করা যাবে।