যাবজ্জীবন জেল, ট্রেনে পাথর ছোঁড়া বন্ধে হাওড়া-শিয়ালদা লাইনে নজিরবিহীন পদক্ষেপ

প্রীতি পোদ্দার, কলকাতা: বন্দে-ভারত চালু হওয়ার পরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় বহু ক্ষেত্রে শোনা যাচ্ছে বিভিন্ন স্টেশন থেকে পাথর ছোড়ার ঘটনা ঘটছে। জাতীয় সম্পত্তিকে এভাবে ড্যামেজ করা নিয়ে বারংবার পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের (Indian Railways) তরফে। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তবে এবার ট্রেনে পাথর ছুড়লেই দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির আয়োজন করা হয়েছে। সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে। পূর্ব রেলের (Eastern Railway) তরফে এমনটাই জানানো হয়েছে।

পাথর ছোড়ার ঘটনার পরিসংখ্যান প্রকাশ করল পূর্ব রেল

রেল জানিয়েছে, নিরাপত্তা বাহিনী রেল পরিষেবাকে সুমধুর এবং নিরাপদে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে কিন্তু বিভিন্ন ডিভিশনে ট্রেনে পাথর ছোড়ার প্রবণতা যেন কমছেই না। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা যেন হামেশাই ঘটে চলেছে। সম্প্রতি ২০২৬ সালের ২৪ মার্চ পর্যন্ত পাথর ছোড়ার ঘটনার পরিসংখ্যান প্রকাশ করেছে পূর্ব রেল। আর সেই তালিকায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে, হাওড়া ডিভিশনে ৬টি পাথর ছোড়ার ঘটনার খবর পাওয়া গেছে এবং সবগুলিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৪টি মামলা শনাক্ত হয়েছে এবং পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে শিয়ালদহ ডিভিশনে ৪টি ঘটনা ঘটেছে এবং সবকটিরই মামলা রুজু হয়েছে। এর মধ্যে ৩টি মামলা শনাক্ত করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে

হাওড়া, শিয়ালদহ ডিভিশন ছাড়াও আসানসোলে ৬টি ঘটনা ঘটেছে যার মধ্যে এখনও পর্যন্ত মাত্র ১টি মামলা শনাক্ত হয়েছে। গ্রেপ্তার হয়েছেন দু’জন। মালদাতেও ৫টি ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে এই ডিভিশনগুলোতে মোট ২১টি ঘটনার খবর পাওয়া গিয়েছে, সবকটিরই মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১১টি মামলা শনাক্ত করে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ট্রেনে পাথর ছোঁড়ার পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার একাধিক ঘটনাও সামনে এসেছে। তাই এবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্ব রেলের তরফে অপরাধীদের কঠোর শাস্তির কথা জানানো হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রেলওয়ে আইন, ১৯৮৯ অনুযায়ী ট্রেনে পাথর ছোড়া একটি গুরুতর অপরাধ। আর ট্রেন হল উন্নতির প্রতীক যা জাতীয় সম্পত্তি হিসেবে প্রতিটি ভারতীয় নাগরিকের অধিকারভুক্ত এবং এটি জনগণেরই কষ্টার্জিত অর্থে নির্মিত। তাই ১৫২ ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি আঘাত বা ক্ষতি করার উদ্দেশ্যে ট্রেনে পাথর বা অন্য কোনও বস্তু নিক্ষেপ করে, তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। পাশাপাশি ১৫৪ ধারা অনুযায়ী, যদি এই কাজ কোনও নির্দিষ্ট হত্যার উদ্দেশ্য ছাড়াই করা হয়, তবে অপরাধী এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন: বিমান না, এবার সড়কপথে অন্ডাল যাবেন মমতা? গতকাল দুর্যোগে পড়ে বড় সিদ্ধান্ত

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি বলেন, “কেউ যেন ভুলে না যান যে তাঁরা প্রতিনিয়ত CCTV নজরদারির আওতায় রয়েছেন। রেললাইনের কাছে নেওয়া প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে। এই ফুটেজগুলি অপরাধীদের শনাক্ত করতে ও তাঁদের শাস্তি প্রদান করতে ব্যবহৃত হয়। আসুন আমরা আমাদের রেলওয়েকে নিরাপদ, সুন্দর এবং পাথর-মুক্ত রাখি।”

Leave a Comment