সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শুরু হয়ে যাবে প্রকৃতির তাণ্ডব রূপ। সকাল থেকেই বাংলার আকাশে রোদ ঝলমল করছে। গরমটাও বেশ ভালোই গায়ে লাগছে। তবে চিন্তা নেই, কারণ আজ শুক্রবার বিকেল থেকে একদম ৩৬০ ডিগ্রি ঘুরে যাবে বাংলার আবহাওয়া। রোদ কমে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, শিলাবৃষ্টি। সেইসঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনিও কি বাড়ির বাইরে আছেন বা বিকেলর দিকে বেরনোর কথা ভাবছেন? তাহলে আবহাওয়া কেমন থাকবে সেটা আগে জেনে নিন। চোখ রাখুন লেখাটির ওপর।
বিকেলের পর থেকেই তেড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাংলায়
আলিপুর আবহাওয়া অফিস যে পূর্বাভাস জারি করেছে সে সম্পর্কে জেনে আপনারও মুখে মাছি ঢুকে যেতে বাধ্য। প্রবল দুর্যোগ শুরু হতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। পরিমাপের স্কেলে আজ ৫০ শতাংশ আর আগামীকাল ৮৫ থেকে ৯০ শতাংশ ব্যাপক দুর্যোগ চলতে পারে বাংলায়। এমনই জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। দক্ষিণবঙ্গের কথা বললে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিছু জায়গায় ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ বিশেষ করে বাঁকুড়া ও পুরুলিয়ায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবারও প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ?
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। রয়েছে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা। এদিন দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ হাওড়া ডিভিশনে ফের বাতিল বহু লোকাল, প্যাসেঞ্জার ট্রেন! তালিকা দিল পূর্ব রেল
আসলে উত্তর-পূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন অবস্থিত ঘূর্ণাবর্তটি একই স্থানে রয়েছে। অপরদিকে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলঙ্গ এলাকার ওপর ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপরে অবস্থান করছে। যে কারণে কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির দাপট চলবে দুই বঙ্গে বলে খবর।