বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে বড় বিপদে পড়েছে শেয়ার বাজার (Stock Market)। লাল গন্ডি কাটিয়ে কিছুতেই উঠতে পারছে না এই বাজার। মাঝেমধ্যে কিছু স্টক লাফালেও পরবর্তীতে ফের মুখ থুবড়ে পড়তে হচ্ছে। এক কথায়, মন্দার বাজারে কোন স্টকে বিনিয়োগ করবেন তা ভেবে উঠতে পারছেন না বিনিয়োগকারীরা। ঠিক সেই পর্বে দাঁড়িয়ে কঠিন সময়ে বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাল ভারতীয় সংস্থা টাটার নিজস্ব কোম্পানি টাটা কেমিক্যালসের স্টক (Tata Stock)। বৃহস্পতিবারই এই সংস্থার স্টকের দাম 11 শতাংশ বেড়েছে।
কঠিন সময়ে বিনিয়োগকারীদের ভরসা যোগাচ্ছে টাটার স্টক
রতন টাটার সংস্থার উপর ভরসা করতে আলাদা করে জোর দিতে হয় না বিনিয়োগকারীদের। টাটা এমনই এক বিশ্বাসের নাম যেখানে একেবারে চোখ বন্ধ করে বিনিয়োগ করতে পারেন সকলেই। তবে সাম্প্রতিক কালে বাজারের যা অবস্থা তাতে এই সংস্থার স্টকেও বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন ইনভেস্টররা। সেই পর্বে দাঁড়িয়ে বিনিয়োগকারীদের মনে ভরসা যুগিয়েছে টাটা কেমিক্যালসের স্টক।
বলাই বাহুল্য, আজ অর্থাৎ বৃহস্পতিবার এই সংস্থার স্টকের দাম 11 শতাংশ বেড়ে 675 টাকা 95 পয়সায় দাঁড়িয়েছিল। যদিও এই মুহূর্তে এই স্টকের দাম রয়েছে 645 টাকা 30 পয়সা। কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারীর দাবি টাটা কেমিক্যালস যেভাবে তাদের ব্যবসা বাড়াচ্ছে তাতে আগামী দিনে এই স্টকের দাম অনেকটা বেড়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সবচেয়ে বড় কথা এই সংস্থার স্টকের দাম 15 শতাংশেরও বেশি বেড়েছে। তবে যদি গত 6 মাসের হিসেব করা হয় সেক্ষেত্রে এই স্টকের দাম বাড়ার বদলে 25 শতাংশ পর্যন্ত কমেছিল।
না বললেই নয়, গত বছরের অক্টোবর মাসের প্রথম দিকে এই সংস্থার একটি স্টকের দাম ছিল 925 টাকা 30 পয়সা। সেখান থেকে গত ছয় মাসে এই স্টক 25 শতাংশ বা তারও বেশি পড়েছে। 1 বছরের হিসেব করলে এই সংস্থার স্টকের দাম 18 শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এর অন্যতম কারণ বাজারের অস্থিরতা এবং সংস্থাটির ব্যবসায় লোকসান। বিগত 52 সপ্তাহের মধ্যে এই স্টক 1026 টাকা এবং সর্বনিম্ন 581 টাকা 30 পয়সায় পৌঁছেছিল।
অবশ্যই পড়ুন: পাকিস্তান প্রীতি ঘুঁচে গেল আজারবাইজানের? ভারতের কাছে আসছে বাকু!
বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এই মুহূর্তে শেয়ার বাজারে বড়সড় ধাক্কা না এলে লং টার্মে এই স্টক বিনিয়োগকারীদের বড় রিটার্ন দেবে। মূলত সে কারণেই অনেকেই এখনই বা আগামী কিছুদিনের মধ্যে যত দ্রুত সম্ভব এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। তবে কোন স্টকে বিনিয়োগ করা ভাল, আদৌ বিনিয়োগ করা উচিত কিনা সেটা জানতে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে আলাদাভাবে কথা বলে পরামর্শ নেওয়া উচিত।