তৃণমূলে ভোট দেওয়ার হুমকি, ভিডিও ভাইরাল হতেই কমিশনের নির্দেশে গ্রেফতার নেতা

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই জোর কদমে চলছে শাসকদল থেকে শুরু করে বিরোধীদের ভোট প্রচার। এমতাবস্থায় মুর্শিদাবাদে ঘটল এক ঘটনা। দলীয় প্রার্থীর প্রচারে বেরিয়ে ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার অভিযোগ উঠল সেখানকার এক তৃণমূল নেতার (TMC Leader)। আর এই ভিডিও ভাইরাল হতেই মুর্শিদাবাদের (Murshidabad) তৃণমূল নেতার বিরুদ্ধে রাতারাতি আইনি পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission Of India)।

মালদহ কাণ্ড নিয়ে চরম উত্তেজনা রাজ্যে

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর পরই রাতারাতি রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছিল নির্বাচন কমিশন। আর এই অবস্থায় বুধবার SIR এর প্রতিবাদ নিয়ে মালদহে যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই কারণে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যের পুলিশ এবং প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে কমিশন। মালদহ কাণ্ডের তদন্তভার দেওয়া হয় NIA-কে। এবং শুক্রবারও রাজ্যে অবাধ, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করাতে পুলিশ এবং প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে এই কড়া নির্দেশের মধ্যেই মুর্শিদাবাদের এক তৃণমূল নেতা প্রকাশ্যে জোড়াফুলে ভোট দেওয়ার হুমকি দেওয়ায় বড় পদক্ষেপ নিল কমিশন।

গ্রেফতার তৃণমূল নেতা

রিপোর্ট মোতাবেক মুর্শিদাবাদে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছিলেন রাজু মণ্ডল নামের এক নেতা। ইতিমধ্যেই ভাইরাল হয় সেই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে তিনি প্রকাশ্যেই বলছিলেন, “পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোট নিয়ে কোনও গোলমাল হয়, ভোট দিতে যাওয়ার প্রয়োজন নেই। আমি বাড়িতে ছানাবড়া-রসগোল্লা পাঠিয়ে দেব। আর যদি ভোট দিতেই হয়, দিতে হবে তৃণমূলকে।” যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood। এদিকে এই ভিডিও ছড়িয়ে পড়তেই তুমুল হইচই পড়ে যায়।

কী বলছে কমিশন?

অভিযোগ, মুর্শিদাবাদের তৃণমূল নেতা রাজু মণ্ডল নাকি সাধারণ জনগণদের রীতিমত আঙুল উঁচিয়ে এও হুমকি দেন যে, প্রতিটি বাড়ির ভোট কোন দিকে যাচ্ছে তা নাকি ক্যামেরায় নজরদারি করা হবে এবং খাতা-কলমে নথিভুক্ত রাখা হবে। আর সেই ভিডিও কমিশনের হাতে পড়তেই সঙ্গে সঙ্গে বড় পদক্ষেপ নেয় কমিশন। গ্রেফতার করা হয় রাজুকে। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে কমিশন আনুষ্ঠানিকভাবে জানায়, “ভোটারদের ভয় দেখানোর ঘটনায় বহরমপুর তৃণমূলের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি রাজু মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে। একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এই ধরনের আচরণ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: ১০% অবধি সুদের হার বাড়াচ্ছে EPFO? জবাব দিল সরকার

প্রসঙ্গত, নির্বাচন কমিশনারের এই পদক্ষেপের ফলে রাজনৈতিক মহলে এক চরম উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, বরাবর তৃণমূল গণতন্ত্রকে মাটিতে মিশিয়ে দিয়েছে, সাধারণদের স্বাধীনচেতা মনোভাব গুঁড়িয়ে দিয়েছে। আসলে কমিশন রাজ্যের ভোটপরিবেশের বাস্তব চিত্র তুলে ধরছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এবং সেখানকার স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে কোনরকম মুখ খুলতে চাননি। ক্রমেই রাজনৈতিক পারদ বাড়ছে রাজ্যে।

Leave a Comment