রাহুলের মৃত্যুতে এফআইআর স্ত্রী প্রিয়াঙ্কার, লীনা-শৈবালের সাথে তালিকায় আরও নাম

প্রীতি পোদ্দার, কলকাতা: কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ, কিন্তু এখনও অধরা রয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু (Rahul Arunoday Banerjee Death) সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর। তাই এবার সেই প্রশ্নের জবাব চাইতে শনিবার বিকেলে বিচারের দাবিতে একত্র হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ টলিপাড়ার বেশ কিছু তারকা। ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও (Priyanka Sarkar)। এই আবহে জোড়া FIR দায়ের করা হয়েছে। তালসারি মেরিন থানাতেও প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR দায়ের করেছেন প্রিয়াঙ্কা।

পাঁচ জনের বিরুদ্ধে FIR দায়ের!

উল্লেখ্য, গত ২৯ মার্চ, দিঘার কাছে তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা রাহুল ও গোটা টিম। আর সেখানেই শ্যুটিং করতে গিয়ে মৃত্যু ঘটে তাঁর। এরপর প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট স্পষ্ট হয় জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু গোটা টিম সামনে আসা সত্ত্বেও কী ভাবে ঘটল সেই ঘটনা? কেন ঘটল? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এবার সেই তদন্তের দাবিতে মোট পাঁচ জনের বিরুদ্ধে FIR দায়ের করলেন রাহুলের স্ত্রী সহ টলিপাড়ার তারকারা।

কাদের কাদের নাম রয়েছে তালিকায়?

রিপোর্ট মোতাবেক, গত শনিবার রাতেই তালসারি মেরিন থানাতে FIR দায়ের করেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণারাও। মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন প্রিয়াঙ্কা। পুলিশ সূত্রে খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এগ্‌জিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

কী জানিয়েছেন অভিযোগপত্রে?

প্রিয়াঙ্কা অভিযোগপত্রে জানিয়েছেন, ধারাবাহিকের শুটিংয়ের সময় কলাকুশলীদের সামনেই রাহুলের মৃত্যু হয়েছে। কিন্তু সেখানে শুটিংয়ের সময় কোনও অনুমতি নেওয়া হয়নি। শুধু তাই নয়, যে জায়গাটিতে শুটিং চলছিল সেখানে চোরাবালি এবং জোয়ারের ভয়ংকর বিপদের আশঙ্কা জানা সত্ত্বেও সেখানে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা। এদিকে ঘটনার এক সপ্তাহের মাথায় FIR দায়ের করা নিয়েও উঠেছে প্রশ্ন। সেক্ষেত্রে প্রিয়াঙ্কা তাঁর বয়ানে লিখেছেন, “আমি আমার স্বামীকে হারিয়েছি। মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। মানসিক ভাবে বড় ধাক্কা পেয়েছি। যার ফলে আমার এই অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে।”

আরও পড়ুন: বাবা নেই, মা মিড-ডে মিল রাঁধুনি, UPSC ক্র্যাক করে ছেলে আজ IAS

জানা গিয়েছে, গত শনিবার বিকেলে রিজেন্ট পার্ক থানায় FIR দায়ের করেছিলেন ফোরামের জেনারেল সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায়। তালসারির সমুদ্রে অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছিল। তবে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া বা বিবৃতি প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। অন্যদিকে শুটিংয়ে যথাযথ নিরাপত্তার দাবিতে আজ অর্থাৎ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে আর্টিস্ট ফোরাম। প্রকাশ্যে আনা হয়েছে বিজ্ঞপ্তি

Leave a Comment