প্রীতি পোদ্দার, কলকাতা: ভ্যাপসা এবং আর্দ্রতাজনিত গরম এখনও পিছু ছাড়ছে না। কয়েকদিন আগে, শুক্রবার পুরুলিয়ার পশ্চিমাঞ্চলের কিছু অংশ বাদ দিয়ে আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গে (South Bengal) মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বর্ষার ছবি এখনও দেখা যাচ্ছে না। যদিও বিকেলের পরে আজও বেশ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা রাজ্যবাসীকে কিছুটা হলেও স্বস্তির হাওয়া এনে দেবে। এছাড়াও আগামীকালও (Weather Tomorrow) রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা
আজ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার ভোলবদল হতে পারে বিকেলের পর থেকেই। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে, যা জমিয়ে রাখা গরম কিছুটা হলেও কমিয়ে দেবে। রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। তাই সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল সকাল থেকেই চড়া রোদ দেখা যাবে দক্ষিণবঙ্গে সমস্ত জেলায়। ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বেশ। এইমুহুর্তে আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বিকেলের দিকে বেশ কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি। বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: আবাস হোক বা অন্নপূর্ণা ভাণ্ডার, ভ্যাকসিন না নিলে মিলবে না? ঘোষণা মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে কম বৃষ্টি হলেও উত্তরবঙ্গে চলবে ভরপুর বৃষ্টি। আগামীকাল, মঙ্গলবার,জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও বৃষ্টির দাপট বজায় থাকবে। এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।