খুলবে সমস্ত চা বাগান, উন্নয়ন কাকে বলে এবার দেখবে পাহাড়! ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে দ্রুততার সাথে বঙ্গবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত সহ সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর রাজ্য সরকার। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের প্রত্যন্ত অঞ্চল এমনকি পাহাড়েও যাতে উন্নয়ন হয় সেদিকে নজর রয়েছে শুভেন্দুর। মঙ্গলবার কার্শিয়াং সফরে গিয়ে সে কথাই আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, তিনি পাহাড়ে ঘুরতে আসবেন না, বরং কাজ করতে আসবেন।

পাহাড়বাসীকে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

কয়েক মাস আগে শিলিগুড়িতে গেলেও পাহাড়ে যাননি শুভেন্দু অধিকারী। তবে এবার কার্শিয়াং-র একদিনের সফরেই পাহাড়বাসীর সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পাহাড়ে এক সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাহাড়বাসীর উদ্দেশ্যে বললেন, তিনি পাহাড়ে ঘুরতে না আসলেও সেখানকার মানুষের জন্য কাজ করবেন। পাহাড়ের উন্নয়ন হবে রাজ্য সরকারের হাত ধরে।

মঙ্গলবার, কার্শিয়াঙের মন্টেভিট গ্রাউন্ড এ ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারী বললেন, “2009 সাল থেকে বারবার পাহাড়ে পদ্ম ফুটেছে। পাহাড়ের মানুষজন বারবার বিজেপির ওপর ভরসা রেখেছেন। এবার সেই ভরসা এবং প্রত্যাশা পূরণের সময় এসেছে।” মুখ্যমন্ত্রীর কথায়, “পাহাড়ের মানুষের জন্য কাজ করবে রাজ্য সরকার। উন্নয়নের রোডম্যাপ তৈরি হবে। ইস্তেহারে যা যা বলা হয়েছিল সব পূরণ হবে। কেন্দ্রের প্রকল্পও বাস্তবায়িত হবে পাহাড়ে।”

অবশ্যই পড়ুন: আধার কার্ডের ব্যবহার নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

এদিন চা বাগান নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 2021 সালে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু করলেও আগের সরকারের দুর্নীতির কারণে তা কার্যকর হয়নি। তবে এবার বন্ধ থাকা 25টি চা বাগানের জন্য 334 কোটি টাকার উন্নয়নমূলক কাজ শীঘ্রই শুরু হচ্ছে। একই সাথে এদিন মুখ্যমন্ত্রী এও বললেন, “আগের মুখ্যমন্ত্রী এখানে ঘুরতে আসতেন। আপনাদের ভাই শুভেন্দু এখানে ঘুরতে আসবে না।” নিজের বক্তব্যের একেবারে শেষ লগ্নে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন, “পাহাড়ে বন্ধ থাকা সমস্ত চা বাগান খুলবে।”

Leave a Comment