অনন্যা সরকার, কলকাতা: কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায় রয়েছেন কলকাতার এক তরুণী। একটি ভিডিও (Viral Video) সম্প্রতি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, ওই তরুণী এক অ্যাপ বাইক চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও থাপ্পর মারার হুমকি দিচ্ছেন। যদিও খুব সংযত ভাবেই ওই বাইক রাইডার নিজের বক্তব্য রাখছিলেন। পরিশ্রম করে খেটে খাওয়া ওই অ্যাপ বাইক চালককে অপমান করার ভিডিও ভাইরাল হতেই ছি-ছিক্কার শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এখন শোনা যাচ্ছে, যে কোম্পানিতে কাজ করেন ওই তরুণী, সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
আসলে কী ঘটেছিল ?
ঘটনার দিন দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য একসঙ্গে দুটি বাইক বুক করেন ওই তরুণী। ভেবেছিলেন যে আগে আসবে তার সাথেই যাবেন। কিছু সময়ে ফারাকে দুটি বাইকই লোকেশনে পৌঁছায়। সামান্য দেরিতে যে রাইডার আসেন তার অভিযোগ, লোকেশনে আসার পর ওই তরুণী তার রাইডটি ক্যান্সেল করেন। স্বাভাবিকভাবে বাইকের চালক এনিয়ে প্রশ্ন করাতে বিতর্ক শুরু হয়। অদ্ভুত যুক্তির সাথে গালিগালাজ করতে আরম্ভ করেন ওই তরুণী, সঙ্গে কষিয়ে থাপ্পর মারবেন বলেও হুমকি দেন ওই চালককে। চেঁচামেচিতে তরুণীর বাড়ি থেকে তার মা বেরিয়ে আসেন। তার সামনেও ভাষায় সংযম আনেননি ওই তরুণী। পুরো ঘটনাটি তার ফোনের ক্যামেরায় রেকর্ড করেন ওই চালক।
একটা সময় পর অপমানিত হয়ে বাইক রাইডারটি সেখান থেকে চলে যান। কিন্তু তার নামে পুলিশের কাছে অভিযোগও জানান ওই তরুণী। পুলিশ তাকে গ্রেফতার করে মারধর করেছে বলে অভিযোগ করেন ওই অ্যাপ বাইক চালক। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করতেই খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ ওই তরুণীর ব্যবহার দেখে সমালোচনার বন্যা বইয়ে দেন।
আরও পড়ুনঃ ‘DA দেয়নি অথচ …’ স্মার্ট মিটার সহ নানান ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জন কর্মীদের
অনেকে মন্তব্য করেন, গরীবের খেটে খাওয়া মানুষের সাথে তথাকথিত ‘শিক্ষিতরা’ এইরকম আচরণ করে থাকেন। কেউ কেউ আবার তরুণীকে তার কোম্পানি থেকে বরখাস্ত করার দাবিও জানান। সম্প্রতি নভেস্টা গ্রুপের (Novesta Group) তরফ থেকে পাঠানো একটি ‘টার্মিনেশন লেটার’ সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। ওই তরুণী এই কোম্পানিতেই চাকরি করেন বলে জানা গিয়েছিল। বলা হচ্ছে, টার্মিনেশন লেটারটি ওই তরুণীকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া এই লেটারটির কোনও সত্যতা আছে কিনা, তা এখনো জানা যায়নি। যদিও, অনেক নেটনাগরিকই এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন।