বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেননি টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাওয়া চোট আজও যন্ত্রনা দিচ্ছে ভারতীয় তারকাকে। সেই ক্ষত নিয়ে ইংল্যান্ড সিরিজে যাওয়াটা একেবারেই সম্ভব নয়। তবুও খেলোয়াড়ের ফিটনেস পরীক্ষা করেছিল বোর্ড। আর তাতেই আটকে গেলেন হার্দিক।
পরীক্ষায় ব্যর্থ হার্দিক
সদ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে মেডিকেল টিম সহ অন্যান্যদের উপস্থিতিতে হার্দিক পান্ডিয়ার ফিটনেস পরীক্ষা হয়েছে। আর সেখানেই ব্যর্থ হয়েছেন খেলোয়াড়। বোর্ড সূত্রে খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে 50 ওভারের ক্রিকেটে খেলার মতো ফিট এখনও হয়ে উঠতে পারেননি হার্দিক পান্ডিয়া। খেলোয়াড়ের চোট এখনও রয়েছে। একটানা ঠিক মতো বল করতে পারছেন না তিনি। মূলত সে কারণেই হার্দিককে নিয়ে ঝুঁকি নিতে নারাজ BCCI।
বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন মুম্বইয়ের হয়ে খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যে কারণে IPL এ মুম্বই ইন্ডিয়ান্সের তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি। যদিও শেষের দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল হার্দিককে। তবে 20 ওভারের ম্যাচ আর 50 ওভারের ওয়ানডের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। সেটা বুঝেই, খেলোয়াড়কে আপাতত বিশ্রামে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
অবশ্যই পড়ুন: অবশেষে T20 ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে যাচ্ছে টিম ইন্ডিয়া? মুখ খুলল BCCI
উল্লেখ্য, আগামী 14 জুলাই থেকে ভারত বনাম ইংল্যান্ড একদিনের সিরিজে বিরাট কোহলি খেলতে পারবেন কিনা সেটা পরিষ্কার হবে আগামী সোমবার। হ্যাঁ, এদিনই ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষা রয়েছে ভারতীয় মহাতারকা। চিকিৎসক দল তাঁকে ফিট ঘোষণা করলে তবেই ইংরেজদের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন বিরাট।