প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপির হয়ে এবার সুর নরম মমতার (Mamata Banerjee)! বাজেট না দেখে অন্ধ বিরোধিতা না করার বার্তা দিলেন মমতা। রবিবার বিজেপি সরকারের (Government Of West Bengal) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশের আগে দলীয় নেতাদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মমতার এই বার্তা প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আদলে এই অবস্থান তৃণমূলের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর বিরোধী দল হিসেবে নিজেদের নতুনভাবে প্রতিষ্ঠা করতে চাইছে তৃণমূল।
কালীঘাটে বৈঠক মমতার
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ সোমবার বিধানসভায় নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার কথা। তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে এই বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে। ফলে সকলের নজর এখন বাজেটের দিকেই। আর এই আবহেই শোনা যাচ্ছে গতকাল, রবিবার কালীঘাটে বাজেট নিয়েই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাকি দলীয় নেতাদের এই বাজেট নিয়ে কথা বলার ক্ষেত্রে সংযত থাকার পরামর্শ দিয়েছেন।
কী বার্তা দিয়েছিলেন মমতা?
রবিবার, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন যে, “বাজেটের অন্ধ বিরোধিতা করা যাবে না। একটা সরকার সদ্য ক্ষমতায় এসেছে, এটাই তাদের প্রথম বাজেট। ওদের সময় দিতে হবে। কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার কী কী আনতে পারে দেখে নিতে হবে। নজর রাখতে হবে কী হয়। পরে আলোচনার সময় কিছু বলার থাকলে বলার সুযোগ মিলবে।” অর্থাৎ আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন সরকারের সব পদক্ষেপের সমালোচনা করলে মানুষ তা ভালোভাবে নেবে না। এমনকি শুধু বিরোধিতা করলেও মানুষের মন ফিরে পাওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চেয়ে চিঠি দেওয়ায় শোকজ, এবার বিস্ফোরক অরূপ
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অবস্থান তৃণমূলের কৌশলগত পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর বিরোধী দল হিসেবে নিজেদের নতুনভাবে প্রতিষ্ঠা করতে চাইছে তৃণমূল। তাই সব দিকে নজর রয়েছে তাঁর। এদিকে বিজেপি সরকারের আজকের প্রথম বাজেটে শিল্পায়ন, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, স্টার্ট-আপ সহায়তা এবং একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা হতে পারে বলে জল্পনা রয়েছে। এখন দেখার সেই জল্পনা কতটা বাস্তবায়িত হয়।