টান পড়বে পকেটে! শীঘ্রই ফের এতটা বাড়তে পারে Jio সহ বাকি কোম্পানির রিচার্জ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের মোবাইল রিচার্জ (Mobile Recharge Price Hike) করতে গিয়ে পকেটে টান পড়তে পারে মধ্যবিত্তের। এখনও পূর্বের রিচার্জ মূল্য বৃদ্ধির ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা। এরই মাঝে শোনা যাচ্ছে, ফের আরও একবার মোবাইল রিচার্জের ট্যারিফ বাড়িয়ে দিতে পারে দেশের শীর্ষস্থানীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio, Airtel এমনকি Vi-ও। ইতিমধ্যেই ইকোনমিক টাইমসের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এমন তথ্য। সেখানে খুব স্পষ্ট করে জানানো হয়েছে, খুব শীঘ্রই মোবাইল রিচার্জের ট্যারিফ 12 থেকে 15 শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি।

হঠাৎ কেন আবার এই পদক্ষেপ?

সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চের 2027 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের টেলিকম এবং ইন্টারনেট খাতের প্রিভিউ রিপোর্ট অনুযায়ী, আগামী তিন থেকে চার মাসের মধ্যে ভারতের টেলিকম খাতে ট্যারিফ আরও 12 থেকে 15 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। জানা যাচ্ছে, টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি তাদের গ্রাহক প্রতি গড় আয় বাড়াতে এবং 5G নেটওয়ার্কে করা বিপুল বিনিয়োগের ক্ষতিপূরণ দিতেই এমন পদক্ষেপ নিচ্ছে।

কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, আগামী দিনে টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলির গ্রাহক প্রতি গড় আয় গত আর্থিক বছরের তুলনায় এক থেকে দেড় শতাংশ বেড়ে যেতে পারে। এর সবচেয়ে বড় কারণ 2G পরিষেবা থেকে 4G,  5G তে স্থানান্তর, ত্রৈমাসিক দিনের সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে পোস্টপেইড পরিষেবায় গ্রাহকদের যুক্ত হওয়ার মতো বিষয়গুলি।

অবশ্যই পড়ুন: দুর্যোগের ঘনঘটা বাংলায়, দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

সব মিলিয়ে বলাই যায়, ভারতের তিনটি প্রথম সারির টেলিকম নেটওয়ার্ক সংস্থা আগামী তিন থেকে চার মাসের মধ্যে যদি মোবাইল রিচার্জের খরচ বাড়িয়ে দেয় সে ক্ষেত্রে বেশ সমস্যায় পড়বেন মধ্যবিত্তরা। বিশেষ করে যারা অল্প খরচে বিভিন্ন ভ্যালু প্ল্যান রিচার্জ করে থাকেন সেগুলির দামও অনেকটাই বেড়ে যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর সেটা হলে একপ্রকার মাথায় হাত পড়ে যাবে ব্যবহারকারীদের!

Leave a Comment