বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রীর এক নির্দেশের পরই রাজ্যজুড়ে চলছে আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) আবেদন প্রক্রিয়া। তবে এমন অনেকেই রয়েছেন যাঁরা অনলাইনে আবেদন পদ্ধতি বুঝতে পারছেন না। তাঁদের জন্য সবচেয়ে সেরা বিকল্প হতে পারে হোয়াটসঅ্যাপের (Whatsapp) বিশেষ চ্যাটবট পরিষেবা। আসলে কেন্দ্রীয় সরকারের তরফে আয়ুষ্মান সারথি নামক একটি হোয়াটসঅ্যাপ ভিত্তিক চ্যাটবট পরিষেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে 24 ঘন্টায় যেকোনও সময় ব্যবহারকারীরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন থেকে শুরু করে এই প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। আজকের প্রতিবেদনে রইল এই চ্যাটবট ব্যবহার করে আয়ুষ্মান ভারত কার্ড তৈরির প্রক্রিয়া।
কীভাবে তৈরি করবেন আয়ুষ্মান ভারত কার্ড?
প্রথমত বলে রাখি, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান সারথি নামক বিশেষ চ্যাটবট পরিষেবার মাধ্যমে একজন ব্যক্তি আয়ুষ্মান ভারত কার্ড তৈরি থেকে শুরু করে ডাউনলোড, e-KYC সহ এই প্রকল্প সংক্রান্ত যেকোনও পরিষেবা পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে চ্যাটবটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকে আয়ুষ্মান ভারত কার্ড বানাবেন সেটি।
হোয়াটসঅ্যাপ থেকে আয়ুষ্মান ভারত কার্ড বানাতে হলে প্রথমেই 72908 23838 নম্বরটি নিজের ফোনে আয়ুষ্মান সারথি বলে সেভ করে নিন। পরের ধাপে হোয়াটসঅ্যাপ থেকে ওই নম্বরে Hi লিখে পাঠান। মেসেজ পাঠালেই অটোমেটিক ভাবে ওই চ্যাটবট আপনার কাছে কিছু অপশন নিয়ে হাজির হবে। সেখান থেকে ক্রিয়েট আয়ুষ্মান ভারত কার্ড বা আয়ুষ্মান কার্ড অপশনে ক্লিক করে নিন।
অবশ্যই পড়ুন: সুদিন ফিরছে ভারতীয় ফুটবলে, ISL ক্লাবগুলির সাথে বিরাট চুক্তি করে ফেলল AIFF
পরবর্তী ধাপে নির্দিষ্ট বক্সে নিজের মোবাইল নম্বর, আধার নম্বর সহ প্রয়োজনীয় তথ্য দিন। এরপর ফোনে আসা ওটিপি বসিয়ে ভেরিফাই করে নিন। বলে রাখি, আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন তবে স্ক্রিনেই দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনাকে e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেটা হয়ে গেলেই ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করলেই তৈরি হয়ে যাবে আয়ুষ্মান ভারত কার্ড। কার্ড তৈরি হয়ে গেলে, ওই চ্যাটবট থেকেই সেটি ডাউনলোড করে নিতে পারবেন আপনি।