প্রীতি পোদ্দার, কলকাতা: রাজনৈতিক পালাবদলের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে একের পর এক ভাঙন যেন লেগেই রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দিকে আঙুল তুলে অনেকেই মমতার (Mamata Banerjee) সঙ্গ ছেড়ে যোগ দিয়েছেন অন্য দলে। ইতিমধ্যেই বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। অনেকেই ইতিমধ্যে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছে। ফিরহাদ হাকিম, মদন মিত্র, অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক সঙ্গ ছেড়েছে মমতার। এই আবহে কালীঘাটের তৃণমূলের অন্দরে যখন টালমাটাল পরিস্থিতি ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
ফেসবুকে চরম কটাক্ষ করলেন কুণাল
রাজ্য রাজনীতিতে ‘বেইমান’ ও ‘গদ্দার’ তরজা এখন তুঙ্গে। আর এবার দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি, যাঁরা বর্তমানে দলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন, তাঁদের উদ্দেশে এবার চরম কটাক্ষ মূলক পোস্ট জনসমক্ষে শেয়ার করলেন বিধায়ক কুণাল ঘোষ। ফেসবুক তিনি লিখেছেন, “ বেইমান, চোর, গদ্দার, ধান্দাবাজ, সুবিধেবাদী, গিরগিটি, মিথ্যাবাদী, রাজনৈতিক কয়েকটা প্রতারক ফেস বুকে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে কেন? পোস্ট করার ইচ্ছে, অথচ কমেন্ট বক্স বন্ধ। বুকে নেই দম, খাবে চমচম। এক বাপের সন্তান হলে খোল কমেন্ট বক্স।” মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট।
মমতার পাশেই থাকার বার্তা কুণালের
এর আগে কুণাল ঘোষ বারংবার কথায় ও কাজে প্রমাণ করে দিয়েছিলেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কোনোভাবেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরবেন না। তাঁর মতে তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও নেতৃত্বের একাংশের প্রতি তাঁর বহু অভিযোগ এবং যন্ত্রণা রয়েছে। কিন্তু তবুও হাল ছাড়েননি দলের। এদিকে এতদিন যাঁরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এসেছিল বাকিদের সঙ্গে, তাঁরাই আজ সঙ্গ ছেড়েছেন মমতার। বেশ কয়েকবার তাঁকে সাংবাদিকদের সামনে এই সুবিধাবাদী নেতা কর্মীদের বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছিল, আর আজও সেই নিয়ে চরম কটাক্ষ করলেন কুণাল।
আরও পড়ুন: ‘২০৩১-এ সুদ-সহ ফেরত..’ হুঁশিয়ারি বিতর্কে ফের আইনি বিপাকে অভিষেক
এদিকে বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে বিধায়কদের মধ্যে। অভিযোগ, নাম থাকা সত্ত্বেও কুণাল ঘোষকে বলতে না দেওয়ার তুমুল তরজা শুরু হয়েছিল। রীতিমতো ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তীতে বুধবারের জন্য সাসপেন্ড করা হয় কুণালকে। সেই ঘটনার রেশ ধরেই বৃহস্পতিবারও ফের উত্তাল হয়ে উঠেছিল বিধানসভা। এরপরই অধিবেশনের পর সাংবাদিক বৈঠক করেন কুণাল। সেখানে তিনি বলেন, “বকলেস পরা বিরোধীরা কোনও কিছুর প্রতিবাদ করছেন না। ওরা বিজেপির দালালি করছে নিজের স্বার্থে। আমরা কথা বলছি মানুষেক স্বার্থে। বিজেপি চায় না আমি বলি, শক্তিশালী কণ্ঠ বলুক।”