সৌভিক মুখার্জী, কলকাতা: প্রায়শই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অজান্তেই কিছু টাকা কেটে নেওয়া হয়। এমনকি ন্যূনতম ব্যালেন্স না রাখলেও কাটা হয় টাকা (Bank Penalty)। তবে সম্প্রতি সরকার সংসদকে জানিয়েছে, ২০২৩ থেকে ২০২৬ এই চার অর্থবর্ষে ব্যাংকগুলি শুধুমাত্র ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্যই নাকি গ্রাহকদের কাছ থেকে মোট ২৬,১৭০ কোটি টাকার বেশি আদায় করেছে। যদিও এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলির জরিমানার অংক সবথেকে বেশি। এমনকি শুধুমাত্র চলতি অর্থবর্ষেই ৭০৮৬.৬৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বিপুল টাকা জরিমানা ব্যাংকের
সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় একটি লিখিত উত্তরে স্পষ্ট জানিয়েছেন, চলতি অর্থবছরে যে টাকা আদায় করা হয়েছে তার মধ্যে বেসরকারি ব্যাংকগুলি থেকে জরিমানা করা হয়েছে ৪৯৪৮.৭১ কোটি টাকা, এবং সরকারি খাতে ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয়েছে ২১৩৭.৯২ কোটি টাকা। তবে বেসরকারি ব্যাংকগুলির মধ্যে তালিকার শীর্ষস্থানে রয়েছে এইচডিএফসি ব্যাংক। এই ব্যাংক মোট ১৭৯৮.১৪ কোটি টাকা আদায় করেছে। তারপরে রয়েছে অ্যাক্সিস ব্যাংক। তারা আদায় করেছে ১০৮১.৩৩ কোটি টাকা। সবথেকে বড় ব্যাপার, বেসরকারি ব্যাংকগুলির দ্বারা জরিমানা করা মোট টাকার ৫৮ শতাংশ শুধুমাত্র এই ব্যাংকদুটি থেকেই এসেছে। তাছাড়া তালিকায় রয়েছে আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইয়েস ব্যাংক, আইডিবিআই ব্যাংক ইত্যাদি।
এদিকে সরকারি খাতের ব্যাংক নিয়ে যদি আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে তালিকার প্রথমেই রয়েছে এসবিআই। চলতি অর্থবর্ষে স্টেট ব্যাংক ৪৭৭.২৭ কোটি টাকা জরিমানা আদায় করেছে। তবে এক্ষেত্রে শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেই জরিমানা নেওয়া হয়েছে বলে খবর। কারণ, এসবিআই ২০২০ সালের মার্চ মাস থেকেই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার চার্জ বাতিল করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক অফ বরোদা। তারা আদায় করেছে ৩৯৪.১০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ব্যাংক। তাদের আদায়ের পরিমাণ ২৯৯.১৭ কোটি টাকা।
আরও পড়ুন: জরিমানার সাথে জেল, ধ্বনি ভোটের মাধ্যমে লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী বিল
এছাড়া সরকারি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দেশের ১২টি সরকারি খাতের ব্যাংকের মধ্যে ১০টি ব্যাংক ন্যূনতম ব্যালেন্স না রাখার জরিমানা বাতিল করেছে। এমনকি বাকি দুটি ব্যাংকও এ বিষয়ে আলোচনা চালাচ্ছে। যদিও ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলি তাদের পরিচালনা পর্ষদের অনুমোদনের সাপেক্ষে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের এই শর্ত আবারও আরোপ করতে পারে।