সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু অনেক সময় স্প্যাম কল কিংবা ভুয়ো প্রোফাইল থেকে মেসেজ আসে আমাদের ফোনে। এমনকি অনেক সময় অনেকে এর মাধ্যমে প্রতারিত হন। তবে সেই সমস্যা সমাধানের জন্য এবার ভারতীয় প্রযুক্তি সংস্থা জোহোর নিজস্ব মেসেজিং অ্যাপ Arattai বিরাট আপডেট নিয়ে এল। কার্যত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অ্যাপগুলিকে টেক্কা দিয়ে তারা এবার বিশেষ ফিচার চালু করেছে, যেখানে সরাসরি আধার ভিত্তিক ভেরিফিকেশন করা যাচ্ছে। এর মাধ্যমে ভুয়ো কিংবা প্রতারণামূলক অ্যাকাউন্টগুলিকে নিমেষেই চিহ্নিত করা যাবে।
দারুণ ফিচার নিয়ে এল Arattai
আসলে Arattai তাদের অ্যাপে গোপনীয়তা এবং নিরাপত্তা আরও জোরদার করতে আধার অ্যাপ ভিত্তিক একটি নতুন ফিচার চালু করেছে। এর মূল উদ্দেশ্য হল ডিজিটাল পরিচয় চুরি, ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করা। এমনকি এই সংস্থাটি মোবাইল এবং ডেস্কটপ উভয় ব্যবহারকারীদের জন্য এই ফিচারের ঘোষণা করেছে। তবে সেক্ষেত্রে ব্যবহারকারীরা এটি ইচ্ছা হলে ব্যবহার করতে পারবে। যারা আধারের মাধ্যমে যাচাই সম্পন্ন করবেন তারা তাদের প্রোফাইলে একটি সবুজ ব্যাজ পাবেন। সেক্ষেত্রে তারা শুধুমাত্র ভেরিফাইড ব্যবহারকারীদের কাছ থেকেই মেসেজ পাবেন। তাদের ইনবক্সে আর আসবে না স্প্যাম মেসেজ।
তবে এটি চালু করতে ব্যবহারকারীদেরকে প্রথমে সেটিংসে গিয়ে গেট ভেরিফাইড অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আধার অ্যাপের মাধ্যমে যাচাই সম্পন্ন করতে হবে। এমনকি সংস্থার দাবি, তারা আধার সংক্রান্ত কোনও তথ্য অ্যাপের মধ্যে সংরক্ষণ করে না। তবে হ্যাঁ, যারা আধার ভেরিফাই করবেন না তাদের অ্যাকাউন্টে সবুজ ব্যাজের বদলে একটি নীল ব্যাজ দেওয়া হবে।
আরও পড়ুন: “ভারতীয় রেল নিয়ে আমি গর্বিত” মোদী সরকারের প্রশংসায় ভিডিও বার্তা সোনম ওয়াংচুকের
আধার ভেরিফাই করলে কী কী সুবিধা মিলবে?
যারা Arattai অ্যাপে আধার ভেরিফাই করবেন তারা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন—
- প্রথমত, ব্যক্তিগত চ্যাট এবং ব্রডকাস্ট মেসেজ সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকবে।
- দ্বিতীয়ত, গুগল ড্রাইভ কিংবা আইক্লাউডে থাকা চ্যাট ব্যাকআপগুলি পাসওয়ার্ড বা রিকভারি কোডের মাধ্যমে সুরক্ষিত থাকবে।
- পাবলিক গ্রুপের অপরিচিত সদস্যদের থেকে নিজের ফোন নাম্বার হাইড করে রাখা যাবে।
- ব্যবসায়ীরা সরাসরি তাদের ওয়েবসাইট থেকে চ্যাট শুরু করার লিংক তৈরি করতে পারবে।
- স্ক্রিন শেয়ারিং-র সময় অ্যাপের ইন্টারফেসকে কালো করে দেবে, এরকম একটি সিকিউরিটি ফিচারও যুক্ত করা হয়েছে।