প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতার রদবদল হতেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে বিজেপি সরকার। দূর্নীতিমূলক রাজ্য গড়ে তুলতে এবং জনস্বার্থের উদ্দেশে নেওয়া হচ্ছে একের পর এক বিশেষ সিদ্ধান্ত। এমতাবস্থায় গতকাল, বৃহস্পতিবার কলকাতা (Kolkata) শহরের ওয়ার্ড পুনর্বিন্যাসের (Ward Number Increase) খসড়া তালিকা প্রকাশ করল পুর ও নগরোন্নয়ন দপ্তর। আর প্রস্তাবিত সেই খসড়ায় কলকাতার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করা হয়েছে। এছাড়াও হাওড়া (Howrah) পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, রাতে পুর ও নগরোন্নয়ন দপ্তর কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাবিত খসড়া তালিকা প্রকাশ করেছিল। আর সেখানেই কলকাতার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করা হয়েছে এবং হাওড়ায় ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হচ্ছে ৬৮। তবে বালি পুরসভার ওয়ার্ড বিন্যাসে আপাতত কোনো পরিবর্তন হচ্ছে না। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই খসড়া তালিকা সকলের অবগতির জন্য বিভিন্ন জায়গায় দেওয়া থাকবে। এছাড়া ওয়েবসাইটে মিলবে। যদি এই প্রস্তাবিত খসড়া তালিকা নিয়ে কারও কোনো আপত্তি কিংবা সংশোধনীর প্রস্তাব থাকে, তাহলে ১৩ আগস্টের মধ্যে পুর কমিশনারকে জানাতে হবে।
পুর-আইন সংশোধন জরুরি পুনর্বিন্যাসের ক্ষেত্রে
হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা রয়েছে। ২০১৩ সালের পুরভোটে হাওড়ায় ৫০টি ওয়ার্ড ছিল। ২০১৫ সালে বালি পুরসভার ১৬টি ওয়ার্ড হাওড়ার সঙ্গে যুক্ত হওয়ায় সংখ্যা বেড়ে ৬৬ হয়। পরে ২০২১ সালে বালিকে পৃথক করার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ফের হাওড়ার ওয়ার্ড সংখ্যা ৫০-এ নেমে আসে। গতকাল প্রশাসনের নতুন পুনর্বিন্যাস প্রস্তাব অনুযায়ী, হাওড়া পুরসভার ১৪টি বড় ওয়ার্ড ভেঙে সেখানে মোট ৩৩টি ওয়ার্ড তৈরি করা হচ্ছে। এই নিয়ে যদি অভিযোগ থাকে তাও জানানো যাবে। অন্যদিকে, কলকাতায় ওয়ার্ড সংখ্যা বাড়ানোর আগে পুর-আইন সংশোধন জরুরি। পুর-আইনের ৫ নম্বর ধারায় বর্তমানে ১৪৪টি ওয়ার্ডের কথা উল্লেখ রয়েছে। তাই ২০৯টি ওয়ার্ড করতে হলে সংশোধনী বিল পাশ করানো প্রয়োজন।
আরও পড়ুন: চপ বিক্রেতা থেকে ১০০ কোটির মালিক, বীরভূমের রাম সাউকে নিয়ে তদন্তের দাবি
গতকাল, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, আগামী ১২ আগস্ট এক দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বিধানসভায়। সেই অধিবেশনে ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল’ এবং ‘কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল’ পাস করানোর উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, ‘তৃণমূলের মতো পার্টি অফিসে বসে নিজের ইচ্ছামতো ডিলিমিটেশন হবে না। গণতান্ত্রিক নিয়ম মেনে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নভেম্বরে নির্বাচন পর্ব শেষ করে ডিসেম্বরে নতুন পুরবোর্ড গঠনের লক্ষ্য রাখা হয়েছে।’