প্রথম দুই কন্যা সন্তান পাবে ৫০ হাজার টাকা, দারুণ প্রকল্প রাজ্য সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: মেয়ের ভবিষ্যতের জন্য ফান্ড গড়তে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ খবর। আসলে আজ আমরা এই প্রতিবেদনে এমন একটি প্রকল্প (Scheme) নিয়ে কথা বলব, যেখানে পরিবারের প্রথম দুই মেয়েকে জন্ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করা হয়। আর এই প্রকল্পটি মেয়েদের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, বা উন্নত ভবিষ্যতের চাহিদা মেটানোর জন্যই বিশেষভাবে জনপ্রিয়। আপনি যদি এই প্রকল্প সম্পর্কে জানতে চান এবং মেয়ের ভবিষ্যৎ গড়ার চিন্তাভাবনা করেন, তাহলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

মেয়েরা পাবে ৫০ হাজার টাকা

জানিয়ে রাখি, এই প্রকল্পটি চালু করেছে রাজস্থানের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনা নামের এই প্রকল্পের আওতায় মেয়েদের আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার প্রসার, তাদের স্বাস্থ্যের উন্নতি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে নারীদের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। প্রকল্পটি চালু করা হয় ২০১৬ সালে। এটি একটি সমাজকল্যাণমূলক প্রকল্প হিসেবেই জনপ্রিয়। যার আওতায় জন্ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রথম দুই কন্যা সন্তানকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয়। তবে এই প্রকল্পের সুবিধা পেতে মানতে হবে কিছু শর্ত।

কীভাবে মিলবে ৫০,০০০ টাকা

আসলে সরকার এই আর্থিক সহায়তা মোট ছয়টি কিস্তিতে প্রদান করে। যদি কন্যা সন্তান হয়, তাহলে জন্মের সময় মিলবে ২৫০০ টাকা। এরপর প্রথম টিকা সম্পন্ন করলে মিলবে আরও ২৫০০ টাকা। প্রথম শ্রেণীতে ভর্তি হলে মিলবে নগদ ৪০০০ টাকা। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলে মিলবে নগদ ৫০০০ টাকা। এবার দশম শ্রেণীতে ভর্তি হলে মিলবে ১১,০০০ টাকা। এরপর দ্বাদশ শ্রেণীতে ভর্তির সময় একবারে মিলবে ২৫,০০০ টাকা নগদ। সবমিলিয়ে আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াচ্ছে ৫০,০০০ টাকা। এমনকি এই টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

কারা পাবে এই প্রকল্পের সুবিধা?

রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি হল—

  • আবেদনকারীকে রাজস্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কন্যা সন্তানকে অবশ্যই ১ জুন ২০১৬ তারিখের পর জন্মগ্রহণ করতে হবে।
  • সরকার কিংবা সরকার অনুমোদিত কোনও হাসপাতালে জন্মগ্রহণ করলেই মিলবে এই প্রকল্পের সুবিধা।
  • শুধুমাত্র পরিবারের প্রথম দুই কন্যা সন্তানের জন্যই এই প্রকল্প প্রযোজ্য।

কীভাবে আবেদন করবেন আর কী কী ডকুমেন্ট লাগবে?

এই প্রকল্পে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। এর জন্য নিকটবর্তী সরকারি হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিংবা পোস্ট অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হয়। তারপর সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেখানেই জমা দিতে হয়। ডকুমেন্ট বলতে গেলে আবেদনপত্রের সঙ্গে বাবা এবং মায়ের আধার কার্ড, শিশুর আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, স্কুলে ভর্তির শংসাপত্র, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হয়।

Leave a Comment