বিজেপি ছাড়ছেন ফুলবাড়ির সংখ্যালঘু নেতা মতিউর রহমান? করলেন বড় ঘোষণা

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার বিজেপি ছাড়ছেন কোচবিহারের ফুলবাড়ির সংখ্যালঘু নেতা মতিউর রহমান (Matiur Rahman)! তাঁর অভিযোগ, সম্মানের সঙ্গে এতদিন পর্যন্ত ভারতের জনতা পার্টির দল করলেও সরকার গঠন করার পর তাঁর বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ আনা হচ্ছে। এমনকি তোলাবাজি, সিন্ডিকেটের মতো বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। সবটাই ইচ্ছাকৃতভাবে। সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। এমনকি স্থানীয় বিজেপি নেতার তোলাবাজির পর্দা ফাঁস করেছেন মতিউর রহমান।

বিজেপি ছাড়ছেন মতিউর রহমান?

সংখ্যালঘু হলেও তৃণমূলের আমল থেকেই সম্মানের সঙ্গে তিনি বিজেপি দল করে আসছেন। তাঁর কথায়, “ভারতীয় জনতা পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে। সম্মানের সঙ্গেই আমি এই দলটা করি। এই দলের প্রত্যেক নেতাকর্মী খুবই ভালো।” কিন্তু তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে তাঁর বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ তোলা হচ্ছে, যার সঙ্গে তিনি কোনও ভাবেই জড়িত নন। এমনকি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পর, গরু পাচার, কয়লা চুরি, রেশন চুরি, ইত্যাদি দুর্নীতির ঘটনা সম্পূর্ণ উধাও বলে দাবি তাঁর। তবে তা সত্ত্বেও গরু পাচারের সঙ্গে নাম জড়িয়ে পড়ছে তাঁর।

তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ রয়েছে, কোনও অনৈতিক গরু, কয়লা পাচার কিংবা পাথর খাদান চলবে না। সেখানে কার সাহস রয়েছে, পুলিশের নাকের ডগার উপর দিয়ে গাড়ি নিয়ে যাবে? স্থানীয় বিজেপির নেতা রবি দাস দাবি করছেন, আমি নাকি গরু পাচারের সঙ্গে যুক্ত। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, গতকাল একটা খবর প্রকাশিত হয়েছে। সেখানে জানা গিয়েছে, রবি দাস যিনি ৩০৭-র বুথ সভাপতি, তিনি সহ তাঁর কর্মীরা বর্ডারে তোলাবাজির সাথে জড়িত। বিজেপি সরকার গঠনের পরেও বর্ডারে সেই সিন্ডিকেট এখনও কার্যকর রয়েছে। তবে এই রবি দাসসহ তৃণমূলের কিছু লোকজন সিন্ডিকেট করছে। ভুটানগামী গাড়ি থেকে তারা ১৫০০ টাকা করে কমিশন নিচ্ছে। এরা আবার আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে।”

আরও পড়ুন: “ফেজ টুপির উপর হেলমেট পরুন”, পার্ক সার্কাস-রাজাবাজারের মুসলিমদের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

তাঁর কথায়, “ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান এবং ভালোবাসা দিয়েছে আমি তাই নিয়ে বাঁচতে চাই। আমি কোনও মিথ্যা অভিযোগ নিয়ে বাঁচতে চাই না। আমি সততার সঙ্গে পার্টি করছি, পার্টি করব। দল এগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। তবে যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি স্বইচ্ছায় ভারতীয় জনতা পার্টি থেকে রিজাইন দেব। পার্টি থেকে সরে আসব। আমার জন্য আমার দলের নেতৃত্বকে যেন কোনও জবাব দিতে না হয়। আমি অনৈতিক কাজ করব এবং আবার নেতৃত্বরা জবাব দেবে, এরকম কাজ আমি করি না আর করবও না।”

Leave a Comment