সৌভিক মুখার্জী, কলকাতা: আরও কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। এবার মাসিক ১০ হাজার টাকা ভাতা এবং বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণের পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসা সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু কারা পাবে এই সুবিধা? আসলে আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯৭৫ সালে আন্দোলন করে যারা জেল খেটেছিলেন, সেই সমস্ত লোকতন্ত্র সেনানিদের সম্মান জানানোর জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমনকি এর আওতায় ৩২৫ জন উপকৃত হবে।
এদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ অর্থাৎ রবিবার নবান্নে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩২৫ জন লোকতন্ত্র সেনানিকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার ৯০ দিনের মধ্যেই প্রতিশ্রুতি কার্যকর করেছে। জরুরি অবস্থা সময় গণতন্ত্র রক্ষার জন্য যারা কারাবাসে গিয়েছিলেন, তাঁদের বিশেষ সুবিধা দেবে রাজ্য সরকার। এই ৩২৫ জন লোকতন্ত্র সেনানিকে আজ থেকেই প্রতি মাসে ১০ হাজার টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া হবে। পাশাপাশি তাঁরা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবে। এমনকি সরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধার জন্য তাদেরকে ১০০০ টাকা করে দেওয়া হবে।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, যদি সংশ্লিষ্ট লোকতন্ত্র সেনানি বর্তমানে জীবিত না থাকেন, তাহলেও চিন্তার কারন নেই। সেই ব্যক্তির স্ত্রী বা স্বামী সেই সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। এমনকি এদিন অনুষ্ঠানে ১৯৭৫ সালের ২৫ জুনের সেই ভয়ংকর ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সেই দিন গোটা দেশে প্রায় লক্ষাধিক মানুষকে জেলে পাঠানো হয়েছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় ৫ হাজার মানুষকে জেল খাটতে হয়। গণতন্ত্রের কন্ঠরোধ করার অপচেষ্টার বিরুদ্ধেই তাঁরা আন্দোলন করে জেলে গিয়েছিলেন। সেই কারণেই তাঁদের এই সংবর্ধনা।
আরও পড়ুন: শিক্ষকদের অবসরের বয়স বেড়ে ৬৫ বছর? মিলবে পুরনো পেনশন স্কিম? বড় খবর
এমনকি এদিন পশ্চিমবঙ্গের রূপকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, বাম কিংবা তৃণমূল জমানায় রাষ্ট্রবাদ এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাঙালিকে। এই সমস্ত থেকে আমাদের প্রজন্মকে বের করে আনতে হবে। পাশাপাশি সেই সমস্ত লোকতন্ত্র সেনানিদের আজ কুর্নিশ পর্যন্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।