সৌভিক মুখার্জী, কলকাতা: স্লিপার ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও জোরপূর্বক এসি কোচে উঠে বসেছিলেন। তবে আরপিএফ উঠতে বলায় ট্রেনের মধ্যেই বিবস্ত্র হয়ে ব্লেড দিয়ে আঘাত করেন নিরাপত্তা রক্ষীকে। সেই অভিযোগেই এবার গ্রেফতার জনপ্রিয় ওয়েব সিরিজের অভিনেত্রী তথা মডেল অন্তরা বন্দ্যোপাধ্যায় (Antara Banerjee)। মুম্বাইয়ের (Mumbai) বাইরে যাওয়ার পথে সুরাটগামী একটি ট্রেনেই ঘটেছে এই ঘটনা। এমনকি যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
গ্রেফতার মডেল তথা অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়
ওয়েব সিরিজে তাঁর অভিনয় মনে জায়গা কাটে দর্শকদের। তবে গত ১২ আগস্ট শুটিংয়ের জন্য তিনি মুম্বাইয়ের বাইরে যাচ্ছিলেন বলেই খবর। সুরাটগামী একটি ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট ছিল তাঁর কাছে। তবে তা সত্ত্বেও তিনি সংরক্ষিত এসি কোচে উঠে একটি জায়গা দখল করে বসেন। তবে অভিনেত্রীকে জায়গা ছেড়ে দিতে বলার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জায়গা ছাড়তে তিনি রাজি না হওয়ায় শেষমেষ ওই যাত্রী টিকিট কালেক্টর হরিকেশ ত্রিপাঠিকে বিষয়টি জানান এবং তিনি পরে আরপিএফকে খবর দেন। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের বোরিভালি এবং দাহানুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় আনুমানিক রাত সাড়ে ন’টা নাগাদ।
তবে জানলে অবাক হবেন, আরপিএফের সহকারী সাব ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র এবং কনস্টেবল রাজেশ কুমার এসে অভিনেত্রীকে উঠতে বললে উল্টে তিনি আরপিএফ জওয়ানদেরকে গালিগালাজ করতে থাকেন। এমনকি যাত্রীদের উপরেও খারাপ ব্যবহার করেন। এমতাবস্থায় হঠাৎ করেই তিনি বিবস্ত্র হয়ে ব্যাগ থেকে একটি রেজার ব্লেড বার করে ওই আরপিএফকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। এমনকি অভিনেত্রী নিজেও তাতে আহত হন। তারপর তিনি জানালার কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করলে আরপিএফ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
শেষমেষ ওই অভিনেত্রীকে পরবর্তী স্টেশনে নামিয়ে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। পরদিন সকালে রেলওয়ে পুলিশ অন্তরা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে আদালতে তোলার ব্যবস্থা করেন। এমনকি তাঁকে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিলে তিনি রাজি হননি বলেই অভিযোগ। উল্টে গ্রেফতার করার দাবি জানান। তবে অভিনেত্রীর এই আচরণে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এমনকি প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বচসা।