সৌভিক মুখার্জী, কলকাতা: চলছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, ১৭ আগস্ট থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত ঢুকবে তৃতীয় কিস্তির টাকা। এই মাসে মোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলা সুবিধা পাবে বলেই জানানো হয়েছে। তবে এর পাশাপাশি বাদ গিয়েছে ১৭ লক্ষ মহিলার নাম। যদিও কাদের নাম বাদ গিয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। তারা পুনরায় আবেদন করতে পারবে বলেও জানানো হয়েছে। তবে ১৯ তারিখের মধ্যে যদি অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেক্ষেত্রে করতে হবে একটি কাজ।
টাকা না ঢুকলে পুনরায় ফর্ম ফিলাপ
যদি আপনি নিজেকে যোগ্য মনে করেন, কিন্তু তা সত্ত্বেও ১৯ আগস্টের মধ্যে আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা না জমা পড়ে, তাহলে সেক্ষেত্রে একটি ফর্ম ফিলাপ করে স্থানীয় বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে জমা দিতে হবে। তবে এই ফর্ম ১৯ আগস্টের পর জমা দিতে হবে বলে জানানো হয়েছে। সেখানে আপনার ব্লকের নাম, নিজের নাম, পিতা কিংবা স্বামীর নাম, ঠিকানা, অনলাইনে যে অ্যাপ্লিকেশন করেছিলেন তার আইডি, আধার কার্ডের নম্বর, মোবাইল নম্বর এবং তারিখ লিখতে হবে। তারপর সেটি জমা দিয়ে আসতে হবে।
যদিও গতকাল নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল, যে ১৭ লক্ষ মহিলার নাম বাদ গিয়েছে তাদের মধ্যে ১০ লক্ষ মহিলার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে তথ্যের গড়মিল রয়েছে। এছাড়া বাকিদের মধ্যে কেউ সরকারি চাকরি করেন, কেউ বা আয়কর প্রদান করেন, কিংবা কেউ কেউ এই প্রকল্পের যোগ্যতা পূরণ করেন না। তবে তাও তাদের পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের পর তারা আবেদন করতে পারবে।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় ফের করা যাবে আবেদন, কোন ওয়েবসাইটে? জেনে নিন
যদি তখন তারা এই প্রকল্পের যোগ্যতা পূরণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আবারও নতুন করে ভেরিফিকেশন করে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, তারা আগামী ২০ আগস্টের পর আবেদন করতে পারবেন। সোশ্যাল রেজিস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইটটি বর্তমানে কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ রাখা হয়েছে। তবে ২০ তারিখের পর তা আবার খুলে দেওয়া হবে বলেই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। কিন্তু আপনার নাম বাদ না যাওয়া সত্ত্বেও যদি আপনি এই প্রকল্পের সুবিধা না পান, তাহলে অবিলম্বে ১৯ আগস্টের পর স্থানীয় বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে উক্ত ফর্মটি ফিলাপ করে জমা দিয়ে আসুন।