বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার (Central Government)। ভবিষ্যতের আধুনিক যুদ্ধের আশঙ্কাকে সামনে রেখেই সাম্প্রতিক বছরগুলিতে স্থল, জল এবং আকাশ প্রতিরক্ষার স্বার্থে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এবার দেশের মাটিতে মার্কিন জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল (FGM-148 Javelin) তৈরি করার প্রস্তুতি শুরু করে দিল নয়া দিল্লি। সেই মর্মে, আমেরিকার সংস্থা জ্যাভলিন জয়েন্ট ভেঞ্চারের সাথে চুক্তিতে স্বাক্ষর করল টাটা অ্যাডভান্সড সিস্টেমস।
ভারতের মাটিতে তৈরি হবে আমেরিকার অত্যাধুনিক মিসাইল
মাঝে শোনা গিয়েছিল, আমেরিকার অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরি হবে ভারতের মাটিতে। এ প্রসঙ্গে আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, টাটার মালিকানাধীন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী সংস্থার সাথেই চুক্তি হতে পারে মার্কিন প্রতিরক্ষা সংস্থার। শেষ পর্যন্ত সেটাই হল। ANI এর রিপোর্ট অনুযায়ী, টাটা অ্যাডভান্সড সিস্টেমসের সাথে একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকার শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থা জ্যাভলিন জয়েন্ট ভেঞ্চার।
জানিয়ে রাখা প্রয়োজন, এই জ্যাভলিন জয়েন্ট ভেঞ্চার আসলে আমেরিকার দুই শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা Lockheed Martin ও Raytheon এর যৌথ উদ্যোগ। রিপোর্ট বলছে, এই দুই সংস্থার মিলিত প্রচেষ্টায় এবং ভারতীয় সংস্থা টাটা অ্যাডভান্সড সিস্টেমসের উদ্যোগে আগামী দিনে কাঁধে বহনযোগ্য মার্কিন জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের একটা অংশ ভারতে তৈরি করা হবে। শুধু তাই নয় দেশের মাটিতেই অ্যাসেম্বল করা হতে পারে এই ক্ষেপণাস্ত্র।
Tata Advanced Systems Limited and the Javelin Joint Venture (JJV), a partnership between Raytheon, an RTX business, and Lockheed Martin (NYSE: LMT), have entered into a memorandum of understanding (MOU) for the co-production of the Javelin All Up Round (AUR) in India. pic.twitter.com/vJrWMPmuHl
— ANI (@ANI) August 31, 2026
আরও পড়ুন: “বাধ্যতামূলক নয়” ইথানল নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, বিশেষ চুক্তির অধীনে ভারতেই যে এই মিসাইলের সবটা তৈরি হবে এমনটা নয়। বরং এই ক্ষেপণাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ অংশ আমেরিকায় তৈরি হয়ে আসবে ভারতে, এরপর দেশের মাটিতেই ভারতীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে তৈরি করা হবে এই ক্ষেপণাস্ত্রের পূর্ণাঙ্গ রূপ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দেশের মাটিতে এই বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি হলে তা আগামী দিনে ভারতীয় সেনাবাহিনীর স্থল সেনার অস্ত্র ভান্ডার অনেকটাই মজবুত হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তাছাড়াও ভারতে তৈরি হয়ে এই মার্কিন মিসাইল রপ্তানি করা হতে পারে বিদেশেও।