ভারী বৃষ্টিতে ফারাক্কায় রেললাইনে ধস, ব্যহত উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের ট্রেন পরিষেবা

সহেলি মিত্র, কলকাতা: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। প্রবল বর্ষণে কলকাতা থেকে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিকে সংযোগকারী প্রধান রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধস নেমেছে ফারাক্কায় রেললাইনে (Farakka Landslide), যার কারণে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। মাঝপথেই আটকে গিয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ ট্রেন। যার ফলে হাল বেহাল হয়ে গিয়েছে সাধারণ যাত্রীদের। আপনিও কি এই সময়ে উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যান করছেন তাহলে আজকের এই খবরটি আগে পড়ে নিন।

ফারাক্কায় বিরাট ধস নামায় থমকে বহু ট্রেন

রিপোর্ট অনুযায়ী, পূর্ব রেলের তিলডাঙ্গা রেল স্টেশন এবং নিউ ফারাক্কা জংশনের মধ্যে রেললাইন মারাত্মকভাবে ধসে পড়ার খবর পাওয়ার পর শিয়ালদহ এবং হাওড়া সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । রেললাইনের এই অবস্থার কারণে রেল প্রশাসন জরুরি বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে। ফলস্বরূপ কলকাতা থেকে আসা ট্রেনগুলির কয়েক ঘন্টা দেরি হচ্ছে। সেইসঙ্গে বহু ট্রেন ৪ থেকে ৮ ঘন্টারও বেশি দেরিতে চলছে বলে খবর।

এক নজরে ক্ষতিগ্রস্ত ট্রেনের তালিকা

সূত্রের খবর, কর্মভূমি এক্সপ্রেস প্রায় ৮ ঘণ্টা ৫ মিনিট, কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রায় ৫ ঘণ্টা ২৯ মিনিট এবং দার্জিলিং মেইল প্রায় ৪ ঘণ্টা ৫৮ মিনিট দেরিতে চলছে। এছাড়া কলকাতা–জোগবানি এক্সপ্রেস প্রায় ৪ ঘণ্টা ৩৭ মিনিট এবং পদাতিক এক্সপ্রেস প্রায় ৪ ঘণ্টা বিলম্বিত হয়েছে। এর পাশাপাশি গৌড় এক্সপ্রেস, চার্লাপল্লী এক্সপ্রেস, হাওড়া–কাটিহার এক্সপ্রেস এবং রাঁচি–কামাখ্যা এক্সপ্রেস-সহ আরও কয়েকটি ট্রেনও পরিষেবা বিঘ্নের শিকার হয়েছে। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এবং রেল পরিষেবা নিয়ে দুর্ভোগ বাড়ছে।

আরও পড়ুনঃ আরজি কর মামলায় নয়া মোড়, গ্রেফতার পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে

কিষাণগঞ্জ, কাটিহার, বরসই ও মালদা টাউন স্টেশনে যাত্রীরা ট্রেনের জন্য পরিবারসহ সারারাত অপেক্ষা করতে বাধ্য হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং শাখা যুদ্ধকালীন তৎপরতায় ট্র্যাকটি মেরামতের কাজ করছে, তবে বৃষ্টির কারণে মেরামতের কাজ ব্যাহত হচ্ছে।

Leave a Comment