বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের লাইনের কাজের জন্য বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railways)। মূলত বৈদ্যুতিক কাজের জন্য হাওড়া ডিভিশনের জৌগ্রাম-মশাগ্রাম শাখার সব লাইনে আগামীকাল অর্থাৎ 4 সেপ্টেম্বর ট্রাফিক ব্লক এবং পাওয়ার ব্লকের কাজ চলবে। আর ঠিক সেই কারণেই উত্তর দেরাদুন থেকে হাওড়াগামী উপাসনা এক্সপ্রেসের রুট বদল করে দিল রেল (Indian Railways)। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি।
উপাসনা এক্সপ্রেসের রুট বদলে দিল রেল
বৃহস্পতিবার, পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বৈদ্যুতিক কাজের জন্য জৌগ্রাম-মশাগ্রাম শাখার সমস্ত লাইনে আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুরের দিকে 1 ঘন্টা 30 মিনিটের জন্য ট্রাফিক ব্লক এবং পাওয়ার ব্লক করা হবে। আর এই কাজের জন্য 13036 ডাউন দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস শুধুমাত্র আগামীকাল বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া রুট ধরে চলবে এবং বর্ধমান স্টেশনে থামবে।
বলাই বাহুল্য, উত্তর দেরাদুন থেকে সড়ক পথ এবং ট্রেকিং পথ মিলিয়ে কেদারনাথের দূরত্ব প্রায় 270 কিলোমিটার। আর এই পবিত্র ধামে পৌঁছানোর জন্য শহর কলকাতার অনেকেই হাওড়া স্টেশন থেকে উপাসনা এক্সপ্রেসটি ধরেন। পরবর্তীতে এই ট্রেনে করেই দেরাদুনের আগে হরিদ্বার স্টেশনে পৌঁছে সেখান থেকে সড়কপথে এবং ট্রেকিং করে পৌঁছে যান বাবা কেদারনাথ, বদ্রিনাথ ধামে।
আরও পড়ুন: পুজোর অনুদান নিয়ে কড়া নজর, এবার পুরনো হিসাব খতিয়ে দেখছে পুলিশ
যদিও, পূর্ব রেল জানিয়েছে আগামীকাল মূলত ডাউন উপাসনা এক্সপ্রেসটির রুট বদল হচ্ছে। অর্থাৎ গতকালের জন্যই ট্রেনটি নিজের পূর্বনির্ধারিত রুটের বদলে হাওড়া-ব্যান্ডেল-বর্ধমান হয়ে যাতায়াত করবে। এমনিতেও পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে যাত্রীরা যেন স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে নজর রাখেন।