সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুলে বদলি নীতির পাশাপাশি এবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের ক্ষেত্রেও কার্যকর হল একই নিয়ম। বিধানসভায় পেশ হল বহুল চর্চিত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ বিল ২০২৬’, যেখানে ২০১৭ সালের আইনে যুক্ত হতে চলেছে নতুন ১৪এ ধারা। তবে আজ শুধু এই বিল পেশ নয়, বিধানসভায় দাঁড়িয়ে বিগত সরকার তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বামেদের কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি দেশবিরোধী স্লোগানের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি।
বিধানসভায় বামেদের চরম আক্রমণ মুখ্যমন্ত্রীর
বিগত বেশ কয়েকদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। সেখানকার দেওয়ালে বাম ছাত্র সংগঠনের লেখা দেশবিরোধী স্লোগান নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তাতে চুনকাম করা হলেও ফের লেখা হয় স্লোগান। এর পাশাপাশি গেরুয়া আক্রমণের প্রতিবাদে গতকাল যাদবপুরে মিছিলে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও কড়া হুঁশিয়ারি দিকে শোনা যায় তাঁকে। তবে আজ বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি বামদের নিশানা করে তিনি বললেন, “কাশ্মীর মাঙ্গে আজাদী বললে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষায় কথা বলব, গান্ধীজীর ভাষায় নয়।”
মুখ্যমন্ত্রীর কথায়, “আপনি ছাত্র-ছাত্রীদের হোস্টেল থেকে জোর করে বের করে নিয়ে যাবেন, বলবেন কাশ্মীর মাঙ্গে আজাদী, ভারত তেড়ে টুকরে হোঙ্গে, আমরাই টুকরো করে দেব আপনাদের। সীমা আছে বেয়াদবির একটা। আর্টস বিভাগের দেওয়ালে লিখবেন ফ্রি প্যালেস্টাইন, ওই জন্য ফ্রি পিওকে লেখা হয়েছে। রেড স্যালুট কমরেড কিষাণজি! ১০০০ নিরীহ মানুষকে খুন করেছে… এগুলো যারা বলছেন তারা চিহ্নিত। এদের ব্রেন ওয়াশ যারা করছেন, তাদেরকেও ঠিক কড়া মাপের ওষুধ দিতে হবে।”
আরও পড়ুন: গয়না ও টাকা চুরির অভিযোগ, নিজের বাড়ি থেকে গ্রেফতার শুভশ্রী গঙ্গোপাধ্যায়
মুখ্যমন্ত্রী আরও বলেন, “এই নামধারী জুটা লোকেরা কী কী করেছিলেন সব ইতিহাস রয়েছে। পহেলগাঁওয়ে মিছিল করে না, অপারেশন সিঁদুর হলে ‘যুদ্ধ নয় শান্তি চাই’ বলে রাস্তায় বেরোয় এরা। বামপন্থীদের জামা গায়ে দিয়ে সনাতনীদের আক্রমণ করে তাঁরা হয়েছেন অধ্যাপক। পুজোর স্টল করতে গেলে শারদোৎসবের জায়গায় দুর্গাপুজো না লিখলে এবার একটাও স্টল করতে দেবেন না বামপন্থীদের। গরিবের টাকা মেরে ওরা ২৫০০ পার্টি অফিস বানিয়েছে। গুষ্টিকে চাকরি দিয়েছে। এক একটা সিপিএম নেতার বাড়িতে ২০টা লোক চাকরি করে। সব হিসাব বার করব।”