বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হল সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)ও স্নেহাশীষ গাঙ্গুলির মা নিরূপা গাঙ্গুলিকে (Sourav Mother Hospitalized) । জানা যাচ্ছে, গত মঙ্গলবারই বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের মাকে। সৌরভের পরিবার সূত্রে খবর, একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন মা নিরূপা দেবী। শ্বাসকষ্টের সমস্যা তো ছিলই সেই সাথে সারা শরীরে র্যাশ উঠতে শুরু করে তাঁর। তাই ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
ঠিক কী সমস্যা হয়েছে সৌরভের মায়ের?
সৌরভ গাঙ্গুলির পরিবার সূত্রে খবর, বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন নিরূপা দেবী। শ্বাসকষ্ট জনিত সমস্যা তো ছিলই সেই সাথে নাকি বেশ কয়েকবার বুকে ব্যথাও অনুভব করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটারের মা। সৌরভের পরিবারের তরফে জানানো হয়েছে, নিরুপা গাঙ্গুলির শরীরে বেশ কিছু র্যাশ উঠতে শুরু করলে তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শ নেন তাঁরা। তারপরেই তাঁকে ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে।
মায়ের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করতেই সৌরভের দাদা তথা প্রাক্তন CAB প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলি জানান, “বেশ কিছুদিন ধরে মায়ের শারীরিক কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল। তবে মঙ্গলবার শ্বাসকষ্ট শুরু হলে আমরা আমাদের পারিবারিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওনাকে বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করাই। পরবর্তীতে মায়ের শরীরে বেশ কিছু পরীক্ষা হয়। তাতে ধরা পড়ে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই মুহূর্তে আমাদের পারিবারিক চিকিৎসক শুভাশিস গঙ্গোপাধ্যায়ের অধীনে হাসপাতালে ভর্তি রয়েছেন মা। ওনাকে দেখছেন হার্ট স্পেশ্যালিস্ট আফতাব খানও।”
আরও পড়ুন: টানা বৃষ্টিতে ফের ভাসল দুধিয়া সেতু, মিরিকে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা
স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে এখন কেমন আছেন সৌরভের মা? জানা গিয়েছে, 77 বছর বয়সী নিরূপা দেবীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। স্নেহাশীষের স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, “শারীরিক সমস্যা বাড়লে মাকে ICU তে ভর্তি করা হয়েছিল। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন তিনি। ICU থেকে বের করে জেনারেল বেডে দেওয়া হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন উনি। চিকিৎসকরা জানিয়েছেন খুব শীঘ্রই পুরোপুরি সেরে উঠবেন। আশা করছি তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে পারবো।”