মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার, উপনির্বাচনের আগে জেলমুক্তি কংগ্রেস প্রার্থীর?

সৌভিক মুখার্জী, কলকাতা: উপনির্বাচনের আগেই পুরনো খুনের মামলায় গ্রেফতার হয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। তবে এবার কিছুটা হলেও স্বস্তি পেলেন মিলন প্রধান (Milan Pradhan)। যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল, সেটি বাদে বাকি মামলাগুলি আপাতত প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার মিলনের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফ থেকে সওয়াল করেন আইনজীবী রাজদীপ মজুমদার। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য মিলনের আর্জিতে সাড়া না দিয়ে আগামী ১২ অক্টোবর মামলাটি শুনবেন বলেই জানান।

হাইকোর্টে স্বস্তি পেলেন মিলন প্রধান

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন। তবে এই ভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরে যেমন একদিকে চলছে দড়ি টানাটানি, তেমনই অস্বস্তিতে পড়েছে প্রদেশ কংগ্রেস। মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা দে প্রধান নন্দীগ্রাম থেকে তাঁর মনোনয়ন প্রত্যাহার করার পরপরই দলনেত্রী কংগ্রেসকে সমর্থন করবেন বলে সাংবাদিক বৈঠক করে জানান। কিন্তু তার পরেই পুরনো এক খুনের মামলায় গ্রেফতার করা হয় নন্দীগ্রামের ওই কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। এমনকি পরে তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগে মামলা করা হয়।

আপাতত আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। অর্থাৎ ভোটের প্রচারের সময় পর্যন্ত পাননি তিনি। তবে সোমবার তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন, বাকি যে পাঁচটি মামলা মিলন প্রধানের বিরুদ্ধে রয়েছে, তাতে যাতে অ্যারেস্ট না করা হয়, সেই রক্ষাকবচ দেওয়া হোক। পাশাপাশি এদিন রাজ্যের তরফ থেকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, যে মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে মিলন প্রধান আদালতের দ্বারস্থ হয়েছেন, সেগুলি সবই প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। সেই সূত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন জানিয়েছেন, তাহলে আর অন্তবর্তী নির্দেশের প্রয়োজন নেই।

আরও পড়ুন: “দেশ ছেড়ে পালিয়েছে অভিযুক্ত” টুলু মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করল হাইকোর্ট

যদিও যে মামলায় মিলন জেলবন্দি, সেটিতে এখনও জামিন মেলেনি। জামিন পেলেই ভোটের আগে জেলমুক্তির সম্ভাবনা রয়েছে তাঁর। তবে বাকি মামলাগুলি প্রত্যাহার করে নেওয়ায় এদিন প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “কলকাতা উচ্চ আদালতের আজকের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আদালত জানিয়েছে, আগামী ১২ অক্টোবর ২০২৬ পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানকে নতুন কোনও মামলায় আর গ্রেফতার করা হবে না। আমরা বিচারব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থাশীল। আমাদের প্রার্থী আজ জেলবন্দি থাকলেও নন্দীগ্রামের মাটি কামড়ে পড়ে রয়েছেন কংগ্রেসের নেতা-কর্মীরা।”

Leave a Comment