বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে, কবে ভারত সফর করবেন তারেক রহমান (Tarique Rahman)? ওপার বাংলার সিংহাসনে বসার পর থেকে অবশ্য আন্তর্জাতিক মঞ্চে একাধিক শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেছেন তারেক। চিনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভুটানের প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছেন ওপারের প্রধান। খুব শীঘ্রই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও দেখা করবেন তিনি। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, বাকি দেশগুলির প্রধানমন্ত্রীদের সাথে দেখা করলেও কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এখনও সাক্ষাৎ করলেন না প্রতিবেশী দেশের প্রধান? তাহলে কি মোদিকে এড়িয়ে যাচ্ছেন তারেক রহমান?
ভারতকে অপমান করছেন তারেক রহমান?
চলতি বছরের জুন মাসে চিন সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী বা স্টেট কাউন্সিলের প্রিমিয়ার লি কিয়াংয়ের সঙ্গে দেখা করেন তারেক রহমান। 22 থেকে 26 জন পর্যন্ত চিন সফরে বাংলাদেশের সাথে ড্রাগনের সম্পর্ক জোরদার করার বিষয়ে কথা বলেন তিনি। এরপর সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের 81 তম অধিবেশনে অংশ নিতে গিয়ে আমেরিকার নিউইয়র্কে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। 22 তারিখ অর্থাৎ গতকালই এই বৈঠক হয়েছিল।
জানা গিয়েছে, ভুটান এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা থেকে শুরু করে দুই দেশের পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় দু পক্ষের মধ্যে। দুই দেশের মধ্যে কীভাবে ঘনিষ্ঠতা আরও বাড়ানো যায় তা নিয়েই বৈঠক করেন রহমান এবং তোবগে। এই বৈঠকের পাশাপাশি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তারেক রহমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে আধ ঘন্টার একটি বৈঠক হওয়ার কথা। আর এখানেই প্রশ্ন উঠছে, বাকি প্রধানমন্ত্রীদের সাথে বৈঠক করলেও কেন ভারত সফরে এসে নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করছেন তারেক?
আরও পড়ুন: “ভারত বিরোধিতার দিন শেষ” বড় ঘোষণা নেপালের
বলাই বাহুল্য, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর একটি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারতের তরফে ওপারের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু তাই নয়, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত BRICS শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের প্রধানকে। তবে সেই আমন্ত্রণ রাখেননি তিনি। ঠিক কবে ভারতে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? আপাতত এই উত্তর অধরা। এমতাবস্থায়, কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন খারাপ সময়ে ভারত পাশে দাঁড়ালেও, সবচেয়ে কাছের প্রতিবেশী দেশটিকে কার্যত অপমান করছেন রহমান! বারবার আমন্ত্রণ সত্ত্বেও নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ না করে প্রধানমন্ত্রীকে এড়িয়ে যাচ্ছেন তিনি! এ প্রসঙ্গে অবশ্য বাংলাদেশের দাবি, তারেক রহমান নিশ্চয়ই ভারত সফরে আসবেন। তবে সঠিক দিনক্ষণ এখনই জানানো যাচ্ছে না!