=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজ্য ও জাতীয় সড়কের পর জিটি রোডেও নিষিদ্ধ হল টোটো, বড় পদক্ষেপ রাজ্যের

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে টোটো (Toto)-র দৌরাত্ম্য বেড়েই চলেছে। এখন এই টোটো চলাচলের ওপর রাশ টানতে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন বলে খবর। জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধের নির্দেশের পর এবার জিটি রোড (GT Road) এবং বাস চলাচলকারী রুটেও টোটো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন পরিবহণ দফতরের (West Bengal Transport Department) প্রধান সচিব রবি ইন্দর সিং।

জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো!

রাজ্য পরিবহণ দফতরের নির্দেশিকা অনুযায়ী, ই-রিকশা বা টোটো মূলত ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’র জন্য ব্যবহারের কথা। ২০১৬ সালের রাজ্য নির্দেশে নির্দিষ্ট স্থানীয় রাস্তায় টোটো চালানোর অনুমতি দেওয়া হলেও জাতীয়, রাজ্য সড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তায় তা নিষিদ্ধ ছিল। অভিযোগ, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল করছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তাই সংশ্লিষ্ট নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশকে কড়া নির্দেশ

আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে নিষিদ্ধ রাস্তায় টোটো চলাচল বন্ধ করতে বলা হয়েছে। কারণ এখনও বিভিন্ন জেলায় জিটি রোডে বেআইনিভাবে টোটোয় যাত্রী পরিবহণ চলছে। যেহেতু জিটি রোড রাজ্য সড়কের আওতাভুক্ত, তাই সেখানে টোটো বন্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮ ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরিবহণ দফতর সূত্রে খবর, আগের সরকারও জাতীয় ও রাজ্য সড়কে টোটো নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছিল, তবে তা কার্যকর হয়নি। বর্তমান সরকার শুরু থেকেই এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে। এবার জিটি রোড ও বাসরুটেও টোটো নিষিদ্ধ করার পথে রাজ্য। পাশাপাশি বেআইনি টোটো বন্ধ করে ই-রিকশা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোটোর কারণে বন্ধ হয়ে যাওয়া জেলা ও মফঃস্বলের বাসরুটগুলি ফের চালুর বিষয়েও ভাবনাচিন্তা চলছে।

আরও পড়ুনঃ বন্ধ কালনা-চুঁচুড়া সরকারি বাস পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা, কী হল হঠাৎ?

সূত্রের খবর, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাসমালিকরা অভিযোগ করে আসছেন যে জাতীয় ও রাজ্য সড়কসহ গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচলের কারণে যানজট বাড়ছে, বাসের গতি কমছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। সারা বাংলা বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, বড় রাস্তায় টোটোর দৌরাত্ম্য বন্ধে পরিবহণমন্ত্রীকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তাঁর আশা, সরকারের নির্দেশিকা কার্যকর হলে দুর্ঘটনা কমবে এবং বাস চলাচলও স্বাভাবিক গতি পাবে।

Leave a Comment