সৌভিক মুখার্জী, কলকাতা: বিজেপি সরকার প্রথম বাজেটে আশা কর্মীদের (Asha Workers) বেতন একধাক্কায় ৫০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে সরকারের চালানো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল অন্নপূর্ণা যোজনা, যেখানে প্রতি মাসে মহিলারা পাচ্ছেন ৩০০০ করে। ইতিমধ্যেই চতুর্থ কিস্তির টাকা পেয়েছেন রাজ্যের মহিলারা। তবে প্রথমে আশা কর্মীদের এই প্রকল্প থেকে বঞ্চিত করা হলেও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাঁদেরকে পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। জোড়া উপহার পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করলেন আশা কর্মীরা।
অন্নপূর্ণা যোজনা এবং বেতন বৃদ্ধির জেরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আশা কর্মীদের
যেখানে আগের সরকারের আমলে আশা কর্মীরা মাসিক ৬২৫০ টাকা করে বেতন পেতেন, সেখানে নতুন সরকার একধাক্কায় ৫০০০ টাকা বেতন বৃদ্ধি করেছে এবং তাঁদের এখন মোট বেতন দাঁড়িয়েছে ১১,২৫০ টাকা। আসলে দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু আগের সরকারের আমলে কাজের কাজ কিছুই হয়নি। তবে বিজেপি সরকারের প্রথম বাজেটেই তাঁদের মাসিক বেতন বাড়ানোর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
এদিকে মাসে ১০,০০০ টাকার বেশি আয় করা মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু পরে তাঁদের আন্দোলনের জেরে ফের সিদ্ধান্ত প্রত্যাহার করে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এই কারণেই এবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তাঁরা। ঘাটাল ব্লকের অন্তর্গত এক আশা কর্মী দিদির কথায়, “বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের ৫০০০ টাকা বেতন বৃদ্ধি করেছেন। সেজন্য আমরা খুবই আনন্দিত। কিন্তু আমরা যখন জানতে পারলাম যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত, তখন আমাদের খুব কষ্ট হয়েছিল।”
আরও পড়ুন: অনলাইনে মিলছে দুর্গাপুজোর অনুমতি, শুরু হল ‘সহজ’ পোর্টালে আবেদন
মহিলার আরও সংযোজন, “তবে অন্নপূর্ণা দিবসের দিন আমরা ব্লক অফিসে গিয়ে জানতে পারলাম, উনি আমাদেরকে দেবেন। সেজন্য আমরা খুবই আনন্দিত হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা বিনম্র শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আর আমরা আমাদের বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই।” আরও এক মহিলার কথায়, “আমরা আমাদের আশা কর্মী সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, আমাদের বেতন বৃদ্ধির পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধাও দিচ্ছে রাজ্য সরকার।”