বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও বিপাকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)! এবার নির্বাচন কমিশনের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন এক অভিজ্ঞ আইনজীবী। মূলত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার সাথে সাথে SIR চলাকালীন যে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেই ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনের আবেদন জানানো হয়েছে দেশের শীর্ষ আদালতে।
সুপ্রিম কোর্টের কাছে বিশেষ আবেদন আইনজীবীর
জানা যাচ্ছে, আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী ভারতীয় সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ মেনেই সুপ্রিম কোর্টে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন। ওই আবেদনে মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি ডেপুটি ইলেকশন কমিশনার মানীশ গর্গ এবং নির্বাচন কমিশনের IT বিভাগের ডিরেক্টর জেনারেল সীমা খান্নার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। এই আবেদন করা হয়েছে অ্যাডভোকেট অন রেকর্ড চন্দ কুরেশির মাধ্যমে।
আদালতে ওই আইনজীবী অভিযোগ করেছেন, SIR সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত, নির্দেশিকা এবং ভোটার তালিকা পরিচালনার জন্য সফটওয়্যারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বাকি দুই ইলেকশন কমিশনারকে না জানিয়েই নেওয়া হয়েছে। তাই যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্তগুলিকে অসংবিধানিক এবং আইন বিরোধী বলে বাতিল করুক সুপ্রিম কোর্ট, এমনটাই আবেদন ওই আইনজীবীর। একই সাথে মূল অভিযোগের পাশাপাশি নতুন করে ফর্ম 6 আবার চালু করারও আবেদন জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: কীভাবে এশিয়ান গেমসে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? বুঝে নিন সহজ অঙ্ক
এদিন সুপ্রিম কোর্টকে জানানো অভিযোগে ওই আইনজীবী এও উল্লেখ করেন, ফর্ম 6 এর পরিবর্তন নিয়ে বাকি দুই নির্বাচন কমিশনার বিবেক জোশি এবং সুখবীর সিং সান্ধু বারবার আপত্তি জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, সংশ্লিষ্ট বিধি পরিবর্তন না করে ফর্ম 6 এ পরিবর্তন আনা যায় না। তা সত্ত্বেও কোনও কথা শুনেননি মুখ্য নির্বাচন কমিশনার। এছাড়াও SIR এর মাধ্যমে গোটা দেশে 13 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে দ্রুত SIT গঠন করারও আবেদন জানিয়েছেন ওই আইনজীবী।
আবেদন জানানো হয়েছে ECINet এবং ERONet-এর ডেটাবেসের ফরেনসিক অডিট করারও। সব মিলিয়ে বলাই যায়, জ্ঞানেশ কুমার সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ থেকে শুরু করে SIR ইস্যুতে সিট গঠন করার মতো একাধিক দাবি জমা পরল দেশের শীর্ষ আদালতে। এবার সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ!