আনিষা চৌধুরী, কলকাতা: বিরোধী দলগুলির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল দিল্লির (Delhi) কনট প্লেসে। তার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক কাশ্মীরি মুসলিম যুবককে মারধরের অভিযোগ উঠল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। যুবকের নাম ফহিম নাজির (Fahim Nazir)। তাঁর দাবি, তিনি কোনও দোষ করেননি, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সমর্থনে কথা বলেছিলেন এবং ইভিএম ও নির্বাচন কমিশন নিয়ে বিরোধীদের অবস্থানের সমালোচনা করেছিলেন। এরপরই তাঁকে ঘিরে তুমুল বচসা শুরু হয় এবং পরে সবাই মিলে সেই যুবককে মারধর করে।
প্রধানমন্ত্রীকে সমর্থন করায় চরম শাস্তি
জানা যায় এই যুবক শ্রীনগরের বাসিন্দা। ফহিম জানান, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। ঘটনাচক্রে তিনি কনট প্লেসের সেই জায়গায় পৌঁছে যান, যেখানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী জোটের সাংসদদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন। সেখানে তিনি মোদির সমর্থনে স্লোগান দেন এবং ইভিএম নিয়ে নিজের বক্তব্য রাখেন। এটাই তাঁর জীবনে কাল হয়ে দাঁড়ায়। রিপোর্ট অনুযায়ী, এরপরই সেখানে উপস্থিত কংগ্রেস কর্মীদের সঙ্গে তাঁর বিতর্ক শুরু হয় এবং পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।
ঘটনার পর দমে যাননি সেই যুবক। সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান স্পষ্ট করেন ফহিম। তাঁর বিরুদ্ধে রাহুল গান্ধীকে গালিগালাজ করার অভিযোগ উঠলেও তিনি তা সবার সামনে জোর গলায় অস্বীকার করেন। তাঁর কথায়, “আমি রাহুল গান্ধীকে গালি দিইনি। আমাকে মারধর করা হয়েছে। সব ক্যামেরায় রেকর্ড হয়েছে। একটা ভিডিও দেখান, যেখানে আমি তাঁকে গালি দিয়েছি। দেখাতে পারলে আমি সবার কাছে ক্ষমা চাইব।”
ফহিম আরও বলেন, তিনি মোদির সমর্থক এই কথা সত্যি, কিন্তু কোনও রাজনৈতিক দলের কর্মী তিনি নন। ইভিএম নিয়ে বিরোধীদের প্রশ্ন তোলার প্রসঙ্গেও তিনি নিজের বক্তব্য জানান। তাঁর দাবি, অতীতে কংগ্রেসের জয়ের সময়ও ইভিএম ব্যবহৃত হয়েছে, তাহলে এখন নির্বাচনে পরাজয়ের পর হঠাৎ সেই একই ইভিএম নিয়ে এত সমস্যা কেন?
মারধরের অভিযোগ নিয়ে আবেগপ্রবণ হয়ে ফহিম বলেন, “আমি দেশকে নেপাল বা বাংলাদেশ হতে দেব না।” তাঁর বক্তব্য, দেশের একজন নাগরিক হিসেবে নিজের মত প্রকাশ করা তাঁর সাংবিধানিক অধিকার।
আরও পড়ুন: আইন ভেঙে হয়েছে জ্ঞানেশ কুমারদের নিয়োগ? সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা
ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে কনট প্লেসের ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠতে দেখা যায়। তবে পুরো ঘটনার প্রেক্ষাপট ধোঁয়াশায়। এই নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। কংগ্রেসপন্থীদের দাবি, ফহিম রাহুল গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন, সেখান থেকেই হাতাহাতি শুরু হয়। অন্যদিকে ফহিম সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।