সৌভিক মুখার্জী, কলকাতা: প্রত্যাশামতোই নন্দীগ্রাম এবং রেজিনগরে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিজেপির প্রার্থীরা। প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এদিকে রেজিনগরে একেবারে ভরাডুবি হয়েছে মমতার তৃণমূলের। তবে সেই ফলাফলকে তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, “এটা কোনও ভোট হয়েছে যে ফল নিয়ে বলব? এরা ঠিক মতো ছাপ্পাও মারতে পারে না।”
ভোটের ফলাফল নিয়ে তোপ মমতার
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার ৭৫ হাজার ৮১৬ ভোটে জয়লাভ করেছেন। অন্যদিকে বিজেপির প্রতিদ্বন্দ্বী আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী পেয়েছেন ৫৪ হাজার ভোট। তবে মমতার মনোনীত প্রার্থী রবিউল আলম চৌধুরীর ঝুলিতে গিয়েছে মাত্র ৩৮৪৭টি ভোট। আর নন্দীগ্রামে তো মমতার প্রার্থী আগে থেকেই প্রত্যাহার করে নিয়েছিলেন মনোনয়ন। সেখানে বিজেপির প্রার্থী হাসিরানি রথ জয়লাভ করেছেন ১ লক্ষ ভোটের ব্যবধানে। এমনকি ভুলবশত ছাপা একটি খবর নিয়ে দিল্লি থেকেই মমতা বলেন, “৭৭২ জন ভোটার, আর ভোট পড়েছে ৯০৯। তার মানে পুলিশকে দিয়ে ছাপ্পা করালে এরকমটাই হয়।”
এদিকে তা নিয়ে আগেই বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের উদ্দেশ্যে রওনা দেন মমতা। উপনির্বাচনের ফল নিয়ে দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করেন। মমতাকে তা নিয়ে প্রশ্ন করা হলে শুনেই বিরক্ত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আরে ছাড়ুন। মাথাটা আগে ঠিক করতে বলুন।”
আরও পড়ুন: সিউড়ির পার্টি অফিসে ঢুকে হামলার জের, অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার
মুখ্যমন্ত্রী অধিকারী আগে থেকেই বিজেপির জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন। শুধু সময়ের অপেক্ষা ছিল ফলাফল ঘোষণা। নন্দীগ্রামে শুভেন্দুর রেকর্ড ভেঙে দিয়েছেন বিজেপির প্রার্থী হাসিরানি রথ। ১ লক্ষ ২২ হাজার ভোটে জয়লাভ করেছেন তিনি। সবচেয়ে বড় ব্যাপার, সংখ্যালঘু ভোট থাকা সত্ত্বেও রেজিনগরে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিজেপির প্রার্থী। যদিও তার পিছনে অন্নপূর্ণা যোজনার অবদানকেই তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তবে ভোটের ফলাফলে যে চরম অসন্তুষ্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী তা বলার অপেক্ষা রাখে না।