প্রীতি পোদ্দার, কলকাতা: বিধায়কের কাছে সমস্যা জানাতে আর অসুবিধার মুখে পড়তে হবে না স্থানীয়দের। কারণ এবার ঘরে বসেই অনলাইনেই সরাসরি অভিযোগ জানাতে পারবেন বিধায়কের কাছে। এমনই এক বড় পদক্ষেপ নিলেন দুর্গাপুর (Durgapur) পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় (Chandra Shekhar Banerjee)। রবিবার, স্থানীয় এলাকাবাসীর কথা মাথায় রেখে এই বিশেষ অ্যাপ উদ্বোধন করেছেন তিনি।
জনসংযোগ বৃদ্ধি করতে নয়া অ্যাপ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, রবিবার, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে এক নয়া উদ্যোগ নিলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ বৃদ্ধি করতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘দুর্গাপুর পূর্ব ডট ইন’ নামের এক অ্যাপের উদ্বোধন করলেন তিনি। জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে দুর্গাপুর পূর্বের মানুষের অভাব-অভিযোগ শুনতে পারবেন বিধায়ক। অর্থাৎ রাস্তা, পানীয় জল, নিকাশি থেকে শুরু করে এলাকার নানা নাগরিক এবং ব্যক্তিগত অভিযোগ সমাধান হবে এই অ্যাপের মাধ্যমে। এমনকি কোনও অনুষ্ঠানে বিধায়ককে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই বিশেষ অ্যাপ।
কী বলছেন বিধায়ক?
নয়া অ্যাপ চালুর প্রসঙ্গে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এলাকার মানুষের প্রতিদিনের নানা সমস্যার কথা জনপ্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া অনেক সময়ই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এমনকি সকলে সমান সুযোগও পাচ্ছে না বিধায়কের সঙ্গে কথা বলার। কখনও সময়ের অভাব, কখনও বিধায়কের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় একাধিক অভিযোগই থেকে যায় অগোচরে। সেই ব্যবধান ঘোচাতেই ডিজিটাল মাধ্যমকে কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে। আশা করি এতে অনেক সুবিধা পাওয়া যাবে।”
আরও পড়ুন: একদিনেই ৩.৪৪ কোটি! পাথরের রাজস্ব আদায়ে রেকর্ড গড়ল বীরভূম
এর আগে রাজারহাট-গোপালপুরের বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি নিজের এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে নিজস্ব একটি ওয়েবসাইট www.tarunjyotitewari.com চালু করেছে। জানা গিয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে এলাকাবাসী নিজেদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি এলাকার কাজকর্ম সম্পর্কিত সমস্ত আপডেট দেওয়া থাকবে এই ওয়েবসাইটে। এছাড়াও স্থানীয়দের আইনি বা প্রশাসনিক বিষয়েও যোগাযোগের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে।