আনিষা চৌধুরী, কলকাতা:পাখির চোখ উত্তরাখণ্ডের (Uttarakhand) বিধানসভা নির্বাচন। এই নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখেই রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। বিজেপি (Bharatiya Janata Party) ছেড়ে ফের কংগ্রেসে (Congress) যোগ দিলেন জনপ্রিয় বলিউড গায়ক জুবিন নৌটিয়ালের বাবা রামশরণ নৌটিয়াল (Ramsharan Nautiyal)। সোমবার, ১৯ অক্টোবর দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সদর দফতরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন তিনি। সেই সময় উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী কুমারী শৈলজা, রাজ্য কংগ্রেস সভাপতি গণেশ গোদিয়াল এবং বিধানসভার বিরোধী দলনেতা যশপাল আর্য।
কেন দলবদলের সিদ্ধান্ত নিলেন তিনি?
দলবদলের পেছনে একাধিক কারণ দেখিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা। শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন নয়, বিজেপির সাংগঠনিক পরিবেশ নিয়েও তাঁর অসন্তোষজনক মন্তব্য সামনে এসেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিজেপি ছাড়ার পর তিনি অভিযোগ করেছিলেন, দলের মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে এবং প্রকাশ্য মঞ্চে তাঁকে অপমানিত হতে হয়েছে। তাঁর বক্তব্য ছিল, একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীর কাছে সম্মান ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের একাধিক প্রবীণ ও নবীন নেতার কাছ থেকে স্নেহ পেলেও প্রকাশ্যে অসম্মানিত হওয়ার ঘটনা তিনি মেনে নিতে পারেননি। এত দিনের সততা, নিষ্ঠার এই প্রতিদান তাঁকে হতাশ করেছে বলে দাবি করেন তিনি।
आज रामशरण नौटियाल जी BJP छोड़कर कांग्रेस पार्टी में शामिल हुए।
इस दौरान कांग्रेस महासचिव व उत्तराखंड की प्रभारी @Kumari_Selja जी, उत्तराखंड कांग्रेस के प्रदेश अध्यक्ष @UKGaneshGodiyal जी, उत्तराखंड के नेता प्रतिपक्ष @IamYashpalArya जी और CWC सदस्य @gurdeepsappal जी मौजूद रहे।
रामशरण नौटियाल जी का बहुत स्वागत और भविष्य के लिए हार्दिक शुभकामनाएं।
📍 दिल्ली
— Congress (@INCIndia) October 19, 2026
ব্যক্তিগত লাভ, ঠিকাদারি বা কাজের বরাত পাওয়ার উদ্দেশ্যে রাজনীতিতে আসেননি বলেও জানিয়েছিলেন রামশরণ। নিজের এলাকার সমস্যা ও উন্নয়নের বিষয়গুলিই তাঁর কাছে অগ্রাধিকার পেয়েছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে, কংগ্রেসে তাঁকে স্বাগত জানিয়ে কুমারী শৈলজা বলেন, বিজেপির ভিতরে কীভাবে কাজকর্ম চলছে, তা রামশরণ নিজেই দেখেছেন। তিনি নিজের পুরনো দল ও আদর্শে ফিরে খুশি বলেও মন্তব্য করেন শৈলজা।
আরও পড়ুন: চোরবাগান-কাণ্ডের পর অগ্নিসুরক্ষায় কড়াকড়ি, কলকাতার ৩ পুজো কমিটিকে নোটিস দমকলের
রামশরণের রাজনৈতিক যাত্রাপথেও রয়েছে দলবদলের ইতিহাস। তিনি ২০০০ সাল থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৪ সালে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। কংগ্রেসে থাকাকালীন দেরাদুন জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলেছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০২২ সালের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে চাকরাতা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। প্রায় ১২ বছর পর কংগ্রেসে তাঁর প্রত্যাবর্তন হল। পুরনো রাজনৈতিক দলে তাঁর প্রত্যাবর্তন আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের রাজ্য সভাপতি গণেশ গোদিয়াল আশা প্রকাশ করেছেন, রামশরণের যোগদান উত্তরাখণ্ডে দলের শক্তি বাড়াতে সাহায্য করবে। তাঁর দলবদল নির্বাচনী রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।