অনন্যা সরকার, কলকাতা: অবসরপ্রাপ্ত রেলকর্মীদের পেনশন প্রক্রিয়া চালু রাখতে প্রতি বছর বাধ্যতামূলকভাবে ‘লাইফ সার্টিফিকেট’ (Digital Life Certificate) জমা দিতে হয়। এই প্রক্রিয়া চলাকালীন পেনশনভোগীদের যাতে কোনো প্রশাসনিক বা প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে না হয়, তা নিশ্চিত করতে পূর্ব রেলের পেনশন বিভাগ একটি বিশেষ হেল্পলাইন সেন্টার চালু করেছে। একটি বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
হেল্পলাইন কেন্দ্রের অবস্থান ও সময়সূচি
পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পেনশনভোগীদের জন্য এই বিশেষ হেল্পলাইন সেন্টারটি ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সমস্ত কর্মদিবসে চালু থাকবে। পেনশনভোগীরা সকাল ১১টা থেকে বিকেল ৪ টের মধ্যে সশরীরে এই কেন্দ্রে এসে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন। সহায়তা কেন্দ্রের ঠিকানা হল – পেনশন বিভাগ, নিচতলা, পূর্ব রেল হেড কোয়ার্টার, ১৭, এন. এস. রোড, ফেয়ারলি প্লেস বিল্ডিং, কলকাতা – ৭০০ ০০১।
কী কী নথিপত্র লাগবে?
ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) জমা দিতে বা এ সংক্রান্ত কোনো সমস্যার সমাধানের জন্য সহায়তা কেন্দ্রে আসার সময় পেনশনভোগীদের কিছু মূল নথিপত্র সঙ্গে আনতে হবে। এর মধ্যে রয়েছে – আধার কার্ড, প্যান (PAN) কার্ড এবং পেনশন পেমেন্ট অর্ডারের (PPO) মূল কপি। উল্লেখ্য, আধার কার্ডের সঙ্গে একটি বৈধ মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক, কারণ অথেনটিকেশনের জন্য ওটিপি (OTP)-এর প্রয়োজন হতে পারে।
আরও পড়ুন: মুম্বাই থেকে হাওড়াগামী ট্রেনে মৃত্যু ক্যান্সার আক্রান্ত ব্যক্তির, তারপর যা হল
এছাড়া, যেসব পেনশনভোগী কলকাতার মূল কেন্দ্রে আসতে পারবেন না, তাঁরা ডিজিটাল লাইফ সার্টিফিকেট সংক্রান্ত যেকোনো সাহায্যের জন্য পূর্ব রেলের নিকটস্থ ডিভিশনাল বা ওয়ার্কশপ অফিসে যোগাযোগ করতে পারেন। ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৫.০ (DLC Campaign 5.0) সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ও নিয়মাবলী জানতে ভারত সরকারের অফিসিয়াল পোর্টাল – https://ipension.nic.in/dicportal দেখতে পারেন। রেলওয়ের এই সময়োপযোগী উদ্যোগটি বয়স্ক নাগরিকদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।