প্রীতি পোদ্দার, কলকাতা: লক্ষ্মী পুজোর রাতে ঘটে গেল বড় অঘটন, মধ্যরাতে আচমকাই মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire At Midnapore) পুড়ে ক্ষতিগ্রস্ত তিনটি বাস। গতকাল, রবিবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক (Midnapore Bus Stand Fire)। শেষে স্থানীয়দের তৎপরতায় এবং দমকলের দু’টি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, বড় প্রাণহানি না ঘটলেও বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, রবিবার, রাতের বেলা প্রতিদিনের মতো মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে দূরপাল্লা ও স্থানীয় রুটের বহু বাস সারিবদ্ধভাবে পার্কিং করা ছিল। রাত ১২টা নাগাদ, আচমকাই তিনটি বাসে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে বাকি বাসগুলিতে। তাই দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এরপরই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল কর্মীরা৷ প্রথমে একটা ইঞ্জিন এসেছিল কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও একটি এসে ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ক্ষতিগ্রস্ত হয় ৩টি বাস।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে
বাসে আগুন লাগার এই ঘটনায় দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। তদন্তের পরই পরিষ্কার হবে, কীভাবে বাসগুলিতে আগুনের সূত্রপাত হয়েছিল। এদিকে ঘটনাস্থলের পাশেই ছিল ইলেকট্রিক পোস্ট, একাধিক লজ, পুলিশ সুপার ও জেলা স্বাস্থ্য আধিকারিক বাংলো এবং একাধিক বাস, যা থেকে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল প্রবল৷ তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: মেঝে, টাইলসের জেদি দাগ হবে সাফ! বাড়িতেই বানিয়ে ফেলুন এই বিশেষ লিকুইড ক্লিনার
জীবিকা নির্বাহের প্রধান সম্বল হারিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন বাস মালিকরা। বেশ কয়েক বছর আগে এরকমই গভীর রাতের আগুনে পুড়ে গিয়েছিল মেদিনীপুর শহরের এই বাসস্ট্যান্ডের সামনে সমস্ত ছোট বড় কাপড় দোকান। শর্ট-সার্কিটের জেরে এই ঘটনায় ঠিক পুজোর আগে ব্যবসা হারিয়ে কর্মহীন হয়ে পড়েছিলেন এই মেদিনীপুর শহরের বেশ কয়েকজন দোকানদার। ফের সেই একই ঘটনা ঘটায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।