সহেলি মিত্র, কলকাতা: দীপাবলির আগেই আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য একটি বড় ঘোষণা করেছে। ফিক্সড ডিপোজিটের সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে ব্যাঙ্কটি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে ICICI ব্যাঙ্ক।
সুদের হার বৃদ্ধি করল ICICI ব্যাঙ্ক
তবে প্রতি এফডি পিছু নতুন সুদের হার ধার্য হবে না বলেই খবর। বেসরকারি এই ব্যাঙ্কটি সুদের হার ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সুদের হার কার্যকর করা হচ্ছে ৩ কোটি টাকার কম এফডি (Fixed Deposit)-র ক্ষেত্রে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার, সাধারণ গ্রাহকদের সুদের হারের তুলনায় কিছুটা বেশি রাখা হয়েছে। প্রবীণ নাগরিকদের এফডি-র উপর ৭.২০ শতাংশ সুদ ও সাধারণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৬.৬০ শতাংশ সুদ ধার্য করা হয়েছে। ১০ বেসিস পয়েন্ট হার বৃদ্ধি করার অর্থ, আগে যে সুদের পরিমাণ ছিল ৬.৫০, সেটাই এবার থেকে করা হয়েছে ৬.৬০ শতাংশ।
নতুন ঘোষণা অনুযায়ী, ৩ বছর ১ দিন থেকে ৫ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে ৬.৬০ শতাংশ সুদ প্রদান করা হবে। অন্য দিকে, প্রবীণ নাগরিকদের জন্য পাঁচ বছর মেয়াদ যুক্ত আইসিআইসিআই ট্যাক্স-সেভার এফডি-র সুদের হার ৭.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.২০ শতাংশ করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি কর্মীদের আরও ৩% DA সঙ্গে দীপাবলির বোনাস, আচমকাই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কে কত সুদ পাবেন?
২ বছর ১ দিন থেকে ৩ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে আগে ৬.৯৫ হারে সুদ দেওয়া হতো, এখন সেখানে দেওয়া হবে ৭.০৫ শতাংশ। ৩ বছর ১ দিন থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদ বিশিষ্ট ফিক্সড ডিপোজিটে ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.২০ শতাংশ সুদ দেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।
একইভাবে, ৫ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত বৈধ ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশের পরিবর্তে ৭.১০ শতাংশ সুদ দেওয়া হবে সংশোধিত সুদের হারে। স্বল্পকালীন এফডির ক্ষেত্রেও বাড়ানো হয়েছে সুদের হার। ১ বছরের কম থেকে ১৮ মাস মেয়াদের এফডি-তে ৬.২৫% ও ১৮ মাস থেকে ২ বছর মেয়াদের এফডি-তে ৬.৩০% সুদ প্রদান করা হবে বলে জানা গিয়েছে।