সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩ নভেম্বর, মঙ্গলবার। BSF-র উপর হামলা, ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা, বিধায়ককে পেটালেন দলীয় কর্মীরাই….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) কালীপুজোয় একগুচ্ছ লোকাল ট্রেন
কালীপুজোয় একগুচ্ছ লোকাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। শিয়ালদা ডিভিশনের ডানকুনি, বারাসাত, হাসনাবাদসহ একাধিক রুটে ট্রেনগুলো চলবে জানানো হয়েছে। উৎসবের মরশুমে বাড়তি ভিড় সামাল দেওয়ার জন্যই এই উদ্যোগ। ছয়টি আপ এবং ছয়টি ডাউন মিলিয়ে মোট ১২টি লোকাল ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। আগামী ৮, ৯, ১০, ১১ নভেম্বর এই ট্রেনগুলি চলবে। আপ লোকালগুলির তালিকায় শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বারাসাত, বারাসাত-বনগাঁ, বারাসাত-হাসনাবাদ, শিয়ালদা-রানাঘাট, বারুইপুর-শিয়ালদা ইত্যাদি লোকাল রয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এমপিও আইনের ২ এবং ৬ নম্বর ধারা
এবার আরও বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। দুর্গাপুজোর পাস বিক্রিকে কেন্দ্র করে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তিনি। আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। এমনকি তাঁর স্ত্রী এবং মেয়েকেও তলব করেছে তদন্তকারী সংস্থা। বউবাজার থানায় এফআইআর দায়ের হওয়ার পর তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ এবং ইডি। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে নতুন করে এমপিও আইনের ২ এবং ৬ নম্বর ধারা যুক্ত করার আবেদন জানিয়েছে পুলিশ। এই আইনের আওতায় শাস্তির বিধান রয়েছে বলেই জানিয়েছেন পুলিশ সুপার। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেহেতু তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে, তাই তাঁর ব্যক্তিগত তথ্য এবং তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে যাচ্ছে, এমনটা দাবি তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তার আগে কলকাতা হাইকোর্ট তাঁর জরুরি শুনানির আবেদন শোনেনি। তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই মামলা ফের কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হল। আগামী ১৬ নভেম্বর আদালত খুললে সেই মামলার শুনানি হবে বলে খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) জনগণনার কাজের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পিছানোর সম্ভাবনা
জনগণনার কাজের জন্য পিছিয়ে যেতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। দেশে সাধারণত প্রতি ১০ বছর অন্তর এই জনগণনা অনুষ্ঠিত হয়। শেষবার ২০১১ সালে হয়েছিল। তবে ২০২৭ সালে দেশজুড়ে শুরু হতে চলেছে জনগণনা। আর সেখানে সরকারি স্কুলের শিক্ষকদের নিয়োগ করা হবে বলেই খবর। ২৫ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এমনকি প্রয়োজন পড়লে ১ থেকে ৫ মাস পর্যন্ত সংশোধন চলতে পারে। শিক্ষক-শিক্ষিকারা এই কাজে নিযুক্ত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছানোর সংশয় তৈরি হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) চা শ্রমিকদের অতিরিক্ত রেশন এবং ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে থেকেই তিনি চা বাগানের শ্রমিকদের অতিরিক্ত রেশন এবং ৫০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন। তবে আজ উত্তরকন্যার জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে রেশনে ৩৫ কেজির জায়গায় ৫০ কেজি করে চাল মিলবে। এমনকি ৫০০০ টাকা করে অর্থ সহায়তা পাওয়া যাবে। তৃণমূলের আমলে মোট ২১টি চা বাগান বন্ধ হয়েছে বলে খবর। পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্য শ্রমমন্ত্রীর উদ্যোগে সেগুলি চালু করার আশ্বাস দিয়েছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) শব্দবাজি কেনার ক্ষেত্রে চালু কিউআর কোড
অবৈধ এবং নিষিদ্ধ শব্দবাজি কেনার ক্ষেত্রে সতর্ক করেছিল প্রশাসন। তবে এবার সেই বাজি কিনে আর ঠকতে হবে না ক্রেতাদের। কালীপুজো ও দীপাবলীর আগে অবৈধ শব্দবাজি পাচার বন্ধ করতে কিউআর কোডের সাহায্য নিতে চলেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এই কিউআর কোড। সেটি স্ক্যান করলেই মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে ১৭০০টি বৈধ সবুজ বাজির নাম। আর এতে খুব সহজেই নকল সবুজ শব্দবাজি ধরা পড়বে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) দিঘার সমুদ্র সৈকতে হকারদের উপর নিষেধাজ্ঞা
দিঘার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে রইল বড় খবর। প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, দিঘার সমুদ্র সৈকতে আর হকাররা বসতে পারবেন না। আজ অর্থাৎ ৩ নভেম্বর থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। হকারদের থেকে জিনিসপত্র কেনার আনন্দ থাকলেও বহু পর্যটক অভিযোগ করেছিলেন যে, সমুদ্রের ধারে হাঁটাচলা করার জায়গা পাওয়া যাচ্ছে না। পাশাপাশি দোকান নিয়ে নিত্য ঝামেলাও থাকত স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। সবদিক বিবেচনা করেই সোমবার রাত থেকে মাইকিং শুরু করে প্রশাসন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলায় মৃত ১
ফের প্রাণ গেল ভারতীয় নাবিকের। ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয়র। পাশাপাশি ১৩ জন ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে খবর। এই খবর নিশ্চিত করেছেন ভারতের জাহাজ ও বন্দর মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গতকাল অর্থাৎ সোমবার ওমান উপকূলের কাছে সমুদ্রপথে MSV AL JUSUFI নামক ভারতের পতাকা লাগানো ওই জাহাজে ভয়াবহ হামলা চালায় একটি উড়ন্ত ড্রোনের মতো বস্তু। সেই সময় মোট ১৪ জন ভারতীয় নাবিক জাহাজটিতে ছিলেন বলেই খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) তোলাবাজি নিয়ে ডেবরায় বিধায়ককে পেটালেন দলীয় কর্মীরাই
রাবণ দহনের ২০ লক্ষ টাকা তোলা নিয়ে এবার জেলা সভাপতির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন ডেবরার বিধায়ক শুভাশিস ওম। এমনকি শেষ পর্যন্ত মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিধায়ক। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় রাবণ দহনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই টাকা তোলা হয়েছিল বলে খবর। তবে তা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির বিধায়ক। সোমবার বিধায়ক ডুঁয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গেলে এক বিজেপি কর্মীর সঙ্গে বচসা বাঁধে। সেখান থেকেই শুরু হয় ধস্তাধস্তি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) ত্রিপুরায় সীমান্ত রক্ষা বাহিনীর উপর হামলা
ত্রিপুরার আশাবাড়িতে একদল মানুষ সীমান্ত রক্ষা বাহিনী কর্মীদের উপর হামলা চালাল সোমবার। ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি এই ঘটনার নিন্দা করেছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সোমবার সকালেই বক্সানগরের আশাবাড়ি এলাকায় একদল মানুষের হাতে সীমান্ত রক্ষা বাহিনীর তিনজন জওয়ান আহত হন। তাঁদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। এমনকি গাড়ি পর্যন্ত ভাঙচুর করে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন