বিক্রম ব্যানার্জী, কলকাতা: আনোয়ার আলির (Anwar Ali) মামলায় আগামী পাঁচ মাস শুনানি স্থগিত থাকবে, জানিয়েছে সর্বোচ্চ ক্রীড়া আদালত। কাজেই আপাতত ইস্টবেঙ্গলেই (East Bengal FC) খেলতে পারবেন ভারতীয় ডিফেন্ডার। যদিও গত ম্যাচে চোট পাওয়ার কারণে লাল হলুদের হয়ে আসন্ন চেন্নাইয়িন এফসি ম্যাচে খেলতে পারবেন না আনোয়ার। তবে পরবর্তী ম্যাচগুলিতে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার কথা রয়েছে তাঁর। এদিকে শোনা যাচ্ছে, শুনানি স্থগিত করে ফেডারেশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ ক্রীড়া আদালত ক্যাস।
মোহনবাগানের কাছে ফের আবেদনের সুযোগ রয়েছে
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি অথবা আপিল কমিটি যাতে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেজন্য আপাতত আগামী পাঁচ মাস আনোয়ার আলি মামলার শুনানি স্থগিত করেছে সর্বোচ্চ ক্রীড়া আদালত। এক্ষেত্রে দু পক্ষই নিজেদের যুক্তি দেখানোর সুযোগ পাবেন। তবে বলে রাখা প্রয়োজন, নির্ধারিত সময়ের মধ্যে যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোনও রকম সিদ্ধান্ত জানাতে না পারে অথবা মোহনবাগান বিচার প্রক্রিয়ায় সন্তুষ্ট না হয় সে ক্ষেত্রে তারা ফের ক্যাসের কাছে আবেদন জানাতে পারবে।
বলাই বাহুল্য, গত আল সিব ম্যাচে খেলতে গিয়ে চোট পেয়েছেন আনোয়ার আলি। লাল হলুদের তরফে জানানো হয়েছে আনোয়ারের এমআরআই করানো হয়েছে। তবে রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট পেলে তবেই রিহ্যাবের তারিখ চূড়ান্ত হবে। কাজেই আপাতত ইস্টবেঙ্গলের হয়ে চেন্নাইয়িন ম্যাচে খেলতে পারবেন না তিনি। যেতে পারবেন না ভারতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরেও।
আরও পড়ুন: সাতসকালে আরামবাগে ভয়াবহ দুর্ঘটনা! বাস উল্টে আহত ১৬ জন যাত্রী
উল্লেখ্য, 2024 এর ঘটনা। সে বছর মোহনবাগানের সাথে চুক্তি ভেঙ্গে ইস্টবেঙ্গলে সই করেছিলেন আনোয়ার। মোহনবাগান দাবি করেছিল, চুক্তি ভাঙলেও তার স্বপক্ষে কোনও রকম যুক্তি খাড়া করতে পারেননি ভারতীয় ফুটবলার। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধানের দুটি ধারা ভাঙারও অভিযোগ ওঠে আনোয়ার আলির বিরুদ্ধে। এর পরই ন্যায়বিচার পেতে ক্যাসে আবেদন জানায় মোহনবাগান।