আনিষা চৌধুরী, কলকাতা: দেশের কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে একাধিক প্রকল্প ও উদ্যোগ চালু করেছে কেন্দ্রীয় সরকার। কৃষিকাজে আর্থিক সহায়তা, ফসলের ক্ষতিপূরণ, কৃষিঋণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা যাতে সহজে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নথিপত্রের জটিলতা কমানো এবং পরিষেবায় স্বচ্ছতা আনতেও জোর দেওয়া হচ্ছে। এবার সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তৈরি করা হচ্ছে ডিজিটাল কৃষক পরিচয়পত্র। যার নাম AgriStack Farmer ID Card। এই কার্ডের মাধ্যমে কৃষকদের জমি ও ব্যক্তিগত তথ্য একটি নির্দিষ্ট ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে।
কী কী সুবিধা পাওয়া যাবে?
এটি হল কৃষকদের জন্য তৈরি একটি বিশেষ ডিজিটাল পরিচয়পত্র। এই ব্যবস্থায় কৃষকের আধার সংক্রান্ত তথ্য এবং জমির রেকর্ড যুক্ত করে একটি স্বতন্ত্র ডিজিটাল পরিচয় তৈরি করা হচ্ছে। ফলে ভবিষ্যতে যেকোনও দরকারে কৃষকের জমির বিবরণ ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া অনেক সহজ হবে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN), প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, কৃষিঋণ, ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) ফসল বিক্রি এবং অন্যান্য কৃষি পরিষেবার সঙ্গে এই Farmer Registry যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, কৃষকদের বিভিন্ন সরকারি পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই পরিচয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
Farmer ID Card তৈরির জন্য কী কী নথি লাগবে?
এই ডিজিটাল কৃষক পরিচয়পত্র তৈরি করতে আবেদনকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হাতের কাছে রাখতে হবে। বিশেষ করে আধার এবং জমির রেকর্ডের তথ্য সঠিক হওয়া প্রয়োজন। আবেদনের সময় সাধারণত যে নথি ও তথ্যগুলি প্রয়োজন হবে, সেগুলি হল–
- আবেদনকারীর আধার কার্ড।
- আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা সচল মোবাইল নম্বর।
- জমির সাম্প্রতিক খতিয়ান বা পরচা।
- জমির প্লট নাম্বার।
- সংশ্লিষ্ট জেলা, ব্লক ও গ্রামের বিবরণ।
- জমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য।
কীভাবে অনলাইনে আবেদন করবেন কৃষকরা?
কৃষকদের সুবিধার জন্য অনলাইনেই Farmer Registry-তে নাম নথিভুক্ত করার ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন কৃষকরা। তবে আবেদন করার আগে আধার ও জমির রেকর্ডের তথ্য মিলিয়ে নেওয়া জরুরি। অনলাইনে আবেদনের পদ্ধতিগুলি হল–
১. প্রথমে পশ্চিমবঙ্গের সরকারি Farmer Registry পোর্টালে যেতে হবে।
২. সেখানে Farmer Login অপশনে গিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরির (Create Account) বিকল্প বেছে নিতে হবে।
৩. এরপর আধার নম্বর দিয়ে OTP-র মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে। যাচাই সম্পূর্ণ হলে প্রয়োজনীয় লগইন তথ্য তৈরি করতে হবে।
৪. অ্যাকাউন্টে লগইন করার পর Register as Farmer অপশনে ক্লিক করতে হবে।
৫. এরপর নিজের ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং প্রয়োজনীয় বিবরণ দিতে হবে।
৬. পরবর্তী ধাপে Ownership Details ও Fetch Land Details অপশনে গিয়ে জমির মালিকানা এবং জমি সংক্রান্ত তথ্য দিতে হবে। জেলা, ব্লক, মৌজা ও দাগ নম্বর নির্বাচন করে জমির বিবরণ যাচাই করতে হবে।
৭. সমস্ত জমির তথ্য ঠিক থাকলে সেগুলি নির্বাচন করে Verify All Land অপশনে যেতে হবে।
৮. এরপর প্রয়োজনীয় সম্মতি (Consent) দিয়ে Aadhaar OTP-র মাধ্যমে চূড়ান্ত যাচাই সম্পন্ন করে আবেদন জমা দিতে হবে।
আবেদন যাচাই ও অনুমোদনের পর Farmer ID তৈরি হলে সরকারি পোর্টাল থেকেই ডিজিটাল পরিচয়পত্র দেখা বা ডাউনলোডের করা যাবে। যাঁদের অনলাইনে আবেদন করতে সমস্যা হচ্ছে, তাঁরা নিকটবর্তী CSC বা কমন সার্ভিস সেন্টারের সাহায্য নিতে পারেন।
আরও পড়ুন: ১৮ বছরে পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে, বয়স জালিয়াতির অভিযোগ আলি রাজার বিরুদ্ধে
ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কৃষকদের সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কৃষিকাজের পাশাপাশি নানা সরকারি প্রকল্পের সুবিধা পেতে গিয়ে যাতে কৃষকদের বারবার নথিপত্র নিয়ে সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। বিশেষ করে গ্রামের প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা কৃষকদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। তাই কৃষকদের কাছে পরামর্শ, নিজেদের আধার ও জমির নথির তথ্য সঠিক রেখে দ্রুত Farmer Registry-তে নাম নথিভুক্ত করুন। ভবিষ্যতে কৃষি সংক্রান্ত বিভিন্ন সরকারি পরিষেবা পেতে এই ডিজিটাল পরিচয়পত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।