সহেলি মিত্র, কলকাতা: সামনের শীতের ছুটিতে অফবিট কোনো ডেস্টিনেশনে যাওয়ার প্ল্যান করছেন, তাও আবার উত্তরবঙ্গে (Offbeat North Bengal)? তাহলে তার খোঁজাখুঁজি করার দরকার নেই, কারণ এই প্রতিবেদনে রইল এক দুর্দান্ত অফবিট লোকেশনের সন্ধান। উত্তরবঙ্গে চালতাবন (Chalta Bon) – এর নাম শুনেছেন? অনেকেই এখনো শোনেননি, বিশেষ তথ্যও নেই। যেহেতু জায়গাটা এখনও পর্যটকদের চোখের আড়ালে রয়েছে, প্রকৃতি ও পরিবেশ অনেক শান্ত ও নিরিবিলি, কোলাহল শূন্য।
দুদিনের ছুটিতে ঘুরে আসুন চালতাবন
শব্দ বলতে কেবল বয়ে চলা নদীর কুলকুল ধ্বনি, গাছের পাতার মর্মর ধ্বনি আর পাখির কলকাকলি। এছাড়া এখানে নেই কোনো গাড়ির আনাগোনা, কর্ণবিদারি হর্ন কিংবা ট্যুরিস্টদের ভিড়ভাট্টা। ফাঁকায় ফাঁকায় প্রকৃতির শোভা উপভোগ করার এক দারুণ স্পট এই চালতাবন। আগে হয়তো কেউ কেউ নদীর ধারে পিকনিক (Picnic Spot) করলেও এখন সে সব বন্ধ। বন দফতরের পক্ষ থেকে নদীর কাছে রান্নাবান্না, বনভোজন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি একান্তই বনভোজন করতে চান তাহলে বন দফতরের কর্মীদের সঙ্গে কথা বলুন। ওনারাই আপনাকে সাহায্য করবেন। আশেপাশে কিন্তু থাকার বিশেষ বন্দোবস্ত নেই। ক্যাম্প করতে চাইলে টেন্ট নিয়ে যেতে হবে। আর হোটেল চাইলে, স্টেশনে নেমেই খোঁজখবর নিয়ে নেওয়া ভালো।
চালতাবন কোথায় ও কীভাবে যাবেন?
চালতাবন উত্তরবঙ্গেই। নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে যেতে হবে। শিয়ালদা বা হাওড়া থেকে শিলিগুড়ি যাওয়ার যে কোনো ট্রেনে উঠে পড়তে হবে। শিলিগুড়ি স্টেশন থেকে আবার অন্য একটা ট্রেন। যদি একদম ভোর ভোর শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন, তাহলে পেয়ে যেতে পারেন সকাল ৬ টা বেজে ৫৫ মিনিটের বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস।
আরও পড়ুন: কাশ্মীর-মানালির সৌন্দর্য ভুলে যাবেন! জঙ্গলে লুকিয়ে রয়েছে অপূর্ব ‘গুঙ্গা নালা’, যাবেন নাকি?
শিলিগুড়ি থেকে আপনার পরের গন্তব্য ওদলাবাড়ি। সকাল ৭ টা নাগাদ যদি ট্রেন ছাড়ে, তাহলে ৮ টা নাগাদ ওদলাবাড়ি স্টেশন পৌঁছে যেতে পারবেন। যাত্রা পথ খুবই সুন্দর। পথের দুধারে বন জঙ্গল, চোখে পড়তে পারে ময়ূর কিংবা হাতির।
ওদলাবাড়ি স্টেশনটাও খুব সুন্দর। ছোট্ট একটা স্টেশন, একটাই প্ল্যাটফর্ম, লাল রঙের একটা টিকিট ঘর। স্টেশন থেকে বাইরে এসে টোটো পেয়ে যাবেন। চালককে বলুন চালতাবন যাবেন। জনপ্রতি ২০ থেকে ২৫ টাকা করে ভাড়া। টোটো থেকে নেমে কিছুটা হাঁটতে হবে। গাড়ি প্রবেশ নিষিদ্ধ। পাথুরে রাস্তার ওপর দিয়ে, জুতোয় শব্দ তুলে এগিয়ে চলে যেদিকে পাহাড় রয়েছে। নীল আকাশের নীচে পাহাড়, তার আগে জঙ্গল, আর আপনার পাশেই থাকবে পাহাড়ি এক নদী। কাঁচের মতো স্বচ্ছ জল, তেমনই ঠান্ডা।