অনন্যা সরকার, কলকাতা: গত মাসে ভারত থেকে ১৮টি নতুন যাত্রীবাহী রেল কোচ (Rail Coach) পাঠানো হয় বাংলাদেশে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এগুলি পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। প্রয়োজনীয় লোকোমোটিভ ও ক্রু ক্রাফটের সাহায্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে কোচগুলো পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করে এবং বিকেল সাড়ে ৪টায় পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
ট্রায়াল রান সম্পন্ন হল বাংলাদেশে পাঠানো রেলের কোচগুলির
এই পরীক্ষামূলক যাত্রায় কোনো যাত্রীকে তোলা হয়নি। তাই যাত্রীদের ওজন ও চাপের বিষয়টি নিশ্চিত করতে কোচগুলোতে বালির বস্তা রাখা হয়েছিল। প্রয়োজনীয় লোকোমোটিভ ও ক্রু-এর সহায়তায় কোচগুলোকে সৈয়দপুর থেকে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে কোচগুলোকে পুনরায় সৈয়দপুর রেলওয়ে কারখানায় ফিরিয়ে আনা হবে। ভারত থেকে পাঠানো ১৮টি লিঙ্কা-হফমান-বুশ বা এলএইচবি (LHB) ব্রড-গেজ কোচের প্রথম রপ্তানিটি ১৭ অক্টোবর ভোর ৪টের দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌঁছায়। এরপর কোচগুলোর যান্ত্রিক পরিদর্শন, বিশেষ রক্ষণাবেক্ষণ এবং কমিশনিং সম্পন্ন করা হয়। ভারতের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রক্রিয়াগুলো সম্পন্ন করে রেল কারখানার কর্মীরা।
ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হলে এই কোচগুলো বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে। ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ নামে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে, যেখানে এই কোচগুলো ব্যবহার করা হবে।
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে চিনে গোপন তথ্য ফাঁস! NVIDIA -র সিইও জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক
উল্লেখ্য, এই ১৮টি কোচ ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ২০০টি এলএইচবি ব্রড-গেজ রেল কোচ রপ্তানির একটি বৃহত্তর প্রকল্পের অংশ। পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায় তৈরি এই আধুনিক কোচগুলো ৯১৫ কোটি টাকার একটি চুক্তির আওতায় সংগ্রহ করা হচ্ছে, যার অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। বাংলাদেশের রেলওয়ে কর্মকর্তারা আশা করছেন, এই নতুন কোচগুলো যুক্ত হওয়ার ফলে যাত্রীসেবার মান উন্নত হবে এবং রেল ভ্রমণে আরও আধুনিক ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত হবে।