প্রীতি পোদ্দার, কলকাতা: নয়া সরকারের আমলে বেআইনি রেশন ব্যবস্থা (Illegal Ration) রোধ করতে নয়া পদক্ষেপ, এখন থেকে রেশনে চাল গম নিয়ে কোনরকম কারচুপি হলে অভিযোগ জানাতে পারবেন খুব সহজেই। শুধু তাই নয়, অভিযোগ উঠলে এক ঘণ্টার মধ্যে তার ‘ট্রিটমেন্ট’ হবে বলেও স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া (Ashok Kirtania) শুক্রবার কোচবিহারের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালোবাজারি রোধ নিয়ে দিলেন বিশেষ বার্তা।
কী জানালেন খাদ্যমন্ত্রী?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার কোচবিহারের রবীন্দ্রভবনে মতুয়া ও নমঃশূদ্র মহাসঙ্ঘের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। সেখানে রেশন ব্যবস্থায় কালোবাজারি এবং কারচুপির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে রেশনে গমের গুণমান খারাপ হলে, কিংবা ওজনে যদি কম দেওয়া হয় তাহলে উপভোক্তারা সরাসরি তাঁকে অভিযোগ জানাতে পারবেন। এবং এক ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী তাঁর ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে বলেও এদিন জানান।
পূর্বতন সরকারকে রেশন নিয়ে বিঁধলেন মন্ত্রী
জানা গিয়েছে রেশনের গুণমান নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি অভিযোগ উঠে এসেছে। যেগুলির ভিত্তিতে মন্ত্রী বলেন, “কেউ ছাড় পাবে না।” এদিন রেশন ব্যবস্থা নিয়ে নানা বার্তালাপের মধ্যেই আগের সরকারকে কটাক্ষ করতে ভোলেননি খাদ্যমন্ত্রী। তাঁর কথায়, “মমতা সরকারের আমলে রেশনের চাল বাংলাদেশে পাচার করে দিত কিন্তু এখন সেই সব কারচুপি হয় না। এমনকি আগের তুলনায় বর্তমানে রেশনের চালের গুণমান অনেকটাই ভালো হয়েছে বলে জানা গিয়েছে। কথা দিচ্ছি আগামী বছর থেকে সাধারণ মানুষ রেশনে আরও উন্নত মানের চাল পাবেন।”
আরও পড়ুন: পালিয়ে বোনের সাথে বিয়ে, গ্রামে ফিরতেই অশান্তিতে প্রাণ গেল দাদার, চাঞ্চল্য নদিয়ায়
এর আগে মাঝেমধ্যেই রেশন দোকানে ভিজিট করতে দেখা যেত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়াকে। এমনকি রেশন ডিলারদের কাছে খারাপ সামগ্রী গেলে তা ডিস্ট্রিবিউটরদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন খারাপ সামগ্রী বিতরণ করলে তার দায় রেশন ডিলারদের দিতে হবে। আর এইসবের মাঝেই এবার রেশনে গমের গুণমান নিয়ে কেউ অভিযোগ জানাতে চাইলে তার উপায়ও জানিয়ে দিলেন।